ডুঙ্গার ব্রাজিলে জায়গার জন্যই লড়তে হচ্ছে রোনালদিনহোকে
৮ বছর আগের এক বিকাল। ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে সেদিন প্রথম বারের মতো মুখোমুখি রোনালদিনহো ও ডুঙ্গা। এক জন তার বর্ণিল ক্যারিয়ারের সায়াহ্নে, অন্য জন ব্রাজিলের ফুটবলাঙ্গনের স্বল্প পরিচিত টিন এজার।
১৯৯৪ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ককে সেদিনই কিন্তু চমকে দিয়েছিলেন স্বল্পখ্যাত রোনালদিনহো। রিও গ্র্যান্দে দো সাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার চোখ ধাঁধানো নৈপুণ্যই ডুঙ্গার দল ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১-০ গোলের জয় এনে দিয়েছিল গ্রেমিওকে। মাঠের আর সবার মতোর ব্রাজিলের সাবেক অধিনায়ককেও সেদিন তার পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন রোনালদিনহো।
১৯৯৯-এর জুনের সেই রাতটার পর দুজনেই পাড়ি দিয়েছেন অনেকটা পথ। রোনালদিনহোর মুকুটে আজ সাফল্যের বহু পালক। ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের পঞ্চম শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি, এর মধ্যেই দু-দু বার জিতে নিয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সেই সঙ্গে গত মৌসুমে বার্সেলোনার হয়ে ‘ডাবল’ (চ্যাম্পিয়নস ও স্প্যানিশ লিগ) জয়ের কৃতিত্ব তো আছেই। এছাড়াও অন্যান্য অজস্র পুরস্কার অর্জনের যোগফলে রোনালদিনহো এই সময়ের সেরা ফুটবলারের মর্যাদায় সমাসীন। অথচ বর্তমান সময়ের সেরা ফুটবলারই কি না ডুঙ্গার কাছে উপেক্ষিত! ২০০৬ বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়া ডুঙ্গার এখনো পর্যন্ত সাফল্যের রেকর্ড ঈর্ষণীয়। তার অধীনে এ পর্যন্ত ৫টা ম্যাচ খেলে ৪টাতেই জয় পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, অন্যটা হয়েছে ড্র। কিন্তু এই ৫ ম্যাচের মাত্র একটিতেই প্রথম একাদশে থাকার সুযোগ হয়েছে রোনালদিনহোর, বাকিগুলোর বেশির ভাগ সময়ই তার কেটেছে সাইড বেঞ্চে। ডুঙ্গার অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচে তো স্কোয়াডে থাকারই সুযোগ হয়নি ‘রনি’র। আগামী মঙ্গলবার পর্তুগালের বিপক্ষে লন্ডনে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচেও নিশ্চিত নয় তার প্রথম একাদশের জায়গা।
তবে তাই বলে ডুঙ্গার সঙ্গে রোনালদিনহোর ‘ব্যক্তিগত শত্র“তা’ আছে বলে কেউ যদি মনে করে তা হলে সেটা হবে বিরাট ভুল! যত বড় তারকাই হোক না কেন ডুঙ্গার কাছে এক জন ফুটবলারের সুযোগ পাওয়ার সবচেয়ে বড় নিয়ামক একটাইÑপারফরম্যান্স। এবং এই জায়গাতে সর্বশেষ কয়েক মাসে রোনালদিনহোর অবস্থা বিশেষ সুবিধার নয়। বিশ্বকাপে তার পারফরম্যান্স প্রত্যাশার ধারে-কাছেও যেতে পারেনি। সেই দুর্দশা থেকে এখনো যেন কিছুতেই বেরোতে পারছেন না তিনি। আগের তিন মৌসুমে যে অসাধারণ নৈপুণ্য দিয়ে বার্সেলোনার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর ফুটবলপ্রেমীদের মন তিনি জয় করে নিয়েছিলেন তা এবার অনেকটাই অনুপস্থিত। এ মৌসুমে ‘বার্সা’র জার্সি গায়ে মাঝে-মাঝে চমক দেখিয়েছেন বটে, তবে প্রতিপক্ষের ডিফেন্স ছিড়ে-খুঁড়ে ফেলা সেই পরিচিত চেহারার রোনালদিনহোকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। অবশ্য স্যামুয়েল এ'তোর অনুপস্থিতিও সম্ভবত। পায়ের ইনজুরিতে পড়ে ৫ মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় গত অক্টোবর থেকেই অনুপস্থিত এ’তো। আর গত দুই মৌসুমে দুজনের বোঝাপড়াটা এমন ছিল যে একজন ছাড়া আরেকজনকে যেন ঠিক মানায় না। মানাচ্ছেও না। রোনালদিনহো যে মাঝে-মধ্যে খেই হারিয়ে ফেলছেন বেশিরভাগের হিসেবেই তার কারণ আসলে পাশে নেই এ’তো। তাই রোনালদিনহো এবার ঠিক অপ্রতিরোধ্য চেহারায় নয়; স্প্যানিশ লিগের ভিত্তিতে যে ডুঙ্গার ওপর বিশাল চাপ তৈরি হবে সেটাও হচ্ছে না।
তবে কারণ যা-ই হোক না কেন দলের সাফল্যের জন্যে কোন রকম আপোস করতে রাজি নন ডুঙ্গা। তার একটাই কথা, ব্রাজিল দলে সুযোগ পাওয়ার জন্য এক জন ফুটবলারকে থাকতে হবে তার সেরা ফর্মে,“ব্রাজিলের জাতীয় দল ২২ জনকে নিয়ে গড়া হয়। আর তাদের মধ্যে ১১ জন খেলতে পারে। শারীরিকভাবে ও টেকনিক্যালি সেরা ফর্মে থাকা ১১ জনকেই দলে নেই আমি।” ব্রাজিলের সাবেক ‘গ্রেট’ ও ২০০৬ বিশ্বকাপে জাপানের কোচ জিকো এ ব্যাপারে ডুঙ্গার পাশেই দাঁড়াচ্ছেন,“তার (ডুঙ্গার) চিন্তা-ভাবনাকে আমাদের সম্মান জানাতেই হবে। তার সিদ্ধান্ত সঠিক কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। এক জন কোচ যখন জুয়া খেলেন তখন তিনি ঝুঁকির ব্যাপারেও ভালোমতোই সচেতন থাকেন।” অবশ্য টোস্টাও জিকোর সঙ্গে এক মত নন। ’৭০-এর বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য টোস্টাও-এর মতে রোনালদিনহোকে উপেক্ষা করে ভুল করছেন ডুঙ্গা,“এখনো পর্যন্ত রোনালদিনহোর প্রতি ডুঙ্গার মনোভাব বেশ আপত্তিকরই মনে হয়েছে আমার কাছে। সে (ডুঙ্গা) মনে করে রোনালদিনহোর খেলার স্টাইলটা একটু বেশিই শৈল্পিক হলেও সে টিমম্যান হিসাবে তেমন ভাল নয়। তবে তার ধারণাটা ঠিক নয়।”
অর্থাৎ সব মিলিয়েই বিশ্বসেরা ফুটলবলারের এখন বেশ দুরবস্থা। এর সঙ্গে “রোনালদিনহো ব্রাজিলের চেয়ে বার্সেলোনার হয়ে বেশি ভাল খেলেন” অপবাদটা তো এখনো মুছে ফেলতে পারেননি তিনি। এই দুঃসময় কেটে যাবার একটাই উপায়Ñভাল পারফরম্যান্স। কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে ইদানিং সুযোগই তো সেভাবে পাচ্ছেন না ৭১ ম্যাচে ২৭ গোলের মালিক রোনালদিনহো। সব সমালোচনা-উপেক্ষাকে পেছনে ফেলে আবারো চিরচেনা চেহারায় দেখা যাবে তো তাকে? প্রশ্নটার সবচেয়ে ভাল জবাব বোধহয় রোনালদিনহোই দিতে পারবেন!
