অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড
ক্যারিয়ারে আগের ৮ ম্যাচের সব রান এক করেও ডাবল সেঞ্চুরি হয় না। সেঞ্চুরি দূরে থাক ফিফটির দেখাও পাননি প্রথম সাত ম্যাচে। ফিফটি পেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে। তাতেই যেন কপাল খুলে গেল এড জয়েসের। শুক্রবার জয়েস সেঞ্চুরিই করে বসেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে! সেই সুবাদে ইংল্যান্ড ৭ উইকেটে ২৯২ রান তুলে ত্রিদেশীয় সিরিজে এই প্রথম অস্ট্রেলিয়াকে দিয়েছিল বেশ সমীহ করার মতো টার্গেট।
আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলা অস্ট্্েরলিয়ানরা মুখ থুবড়ে পড়েছে ২৯২ রানের অনেক আগে। তাদের ৯২ রানে হারিয়ে ফাইনালে ওঠার প্রায় মরে যাওয়া স্বপ্নে আবার প্রাণ সঞ্চার করেছে অ্যান্ড্রু ফ্লিনটফের দল। ফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিততেই হবে তাদের।
অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়েছেন জয়েস। এমন অর্জনের সঙ্গেও ভাগ্যের গোপন আঁতাত খুঁজতে যাওয়া ঠিক না হলেও তা একেবারে অযৌক্তিকও নয়। ভাগ্যের কোনো হাত যদি না -- ই থাকত তাহলে তো ওপেনিং জুটিতে ৫৮ রান পেতো না ইংল্যান্ড। অনেক আগেই ফিরে যেতে হতো বাঁ -- হাতি ওপেনার জয়েসকে। ব্রেট লি -- র বিশ্রামের সুযোগে দলে আসা শন টেইট সহজ ক্যাচ ফেলে নতুন জীবন না দিলে ‘জয়েস’ নামটির পাশে স্কোর কার্ডে লেখা থাকত মাত্র ৬ রান! সেবার তো বাঁচলেনই, ৫৩ রানে আরেকবার অ্যান্ড্রু সাইমন্ডসকে ক্যাচ দিয়েও পার পেয়ে গেলেন । তা এত সুযোগের অপচয় করার মতো ব্যাটসম্যান তো জয়েস নন, সেরকম হলে আর যা -- ই হোক কেভিন পিটারসনের বিকল্প অন্তত ভাবা হতো না তাকে। ওই দুটো কলঙ্ক বাদ দিলে চমৎকার ব্যাট করেছেন জয়েস। ইয়ান বেল (৫১) --- এর সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটিতে ১১১ রান ইংল্যান্ডকে ৩২৫ থেকে সাড়ে তিনশরও স্বপ্ন দেখাচ্ছিল। কিন্ত ফ্লিনটফ (৩), স্ট্রাউস (২৬), নিক্সনদের (৪) ব্যর্থতা তা হতে দেয়নি। অবশ্য দুজন ব্যাটসম্যান সময়ের দাবী পূরন করতে না পারলে ওই ২৯০ পেরোনোও সম্ভব হতো না। একজন এড জয়েস। তার ১৪২ বলে ১০ টি চারে সাজানো ১০৭ রানের ইনিংস বাদ দিলে ইংল্যান্ড কোথায় পড়ে থাকে তা তো ক্লাস ওয়ানের ছাত্রও হিসেব কষে বলে দিতে পারবে! অন্য জন ড্যালরিম্পল। এ ম্যাচেই ওয়ানডে অভিষিক্ত রবি বোপারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে ১৮ বলে ৩০ রানের ইনিংসটাকে ড্যালরিম্পল নিশ্চয়ই আরো কিছু দূর নিয়ে যেতেন। সেক্ষেত্রে ইংল্যান্ডের তিনশ পেরোনোটাও হয়ে যেতো।
হয়নি বলে খানিকটা দুশ্চিন্তা থাকলেও অস্ট্রেলিয়ার ইনিংস শুরুর পর তা আর থাকেনি। এ ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকেই একরকম বিদায় --- এই আশঙ্কা সরে গিয়ে ফ্লিনটফদের মনে তখন খুঁটি গেড়েছে জয়ের স্বপ্ন। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই গিলক্রিস্ট প্লাঙ্কেটের বলে বোল্ড, একটু পরে ব্র্যাড হজও সাজিদ মাহমুদের শিকার। স্কোর ২ উইকেটে ৪। ইংল্যান্ড স্বপ্ন দেখবে না কেন? তৃতীয় উইকেট জুটিতে ম্যাথু হেইডেন --- মাইকেল ক্লার্কের ৪১ আর তারপর হেইডেন ---স্াইমন্ডসের ৭১ রানের জুটি কিছুটা চোখ রাঙ্গায়নি যে তা নয়। তবে তাকে আর পাত্তা দেননি ইংলিশ বোলাররা। ইনিংসের একমাত্র ফিফটি করে হেইডেন (৫১) সাজিদের দ্বিতীয় শিকার হলে অনেকটাই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার আশা। যা -ও খানিকটা বাকি ছিল তা আর ধর্তব্যে নেওয়ার মতো মনে হয়নি সাইমন্ডস রিটায়ার্ড হার্ট হলে। প্লাঙ্কেট (৩/২৪), মাহমুদ (২/৩৮), ফ্লিনটফেরা (১/৪৭) ম্যাচ শেষ করে দেন ১১.১ ওভার আগেই । ম্যান অফ দি ম্যাচ হয়েছেন এড জয়েস।
