উলমার ভেবেছিলেন আমি ইনজুরির ভান করছি : শোয়েব আখতার
বব উলমারের সঙ্গে শোয়েব আখতারের আসলে কি হয়েছিল? কি কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত সপ্তাহে আড়াই হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'কে? এত দিন এ সম্পর্কে নীরব থাকলেও এবার মুখ খুলেছেন শোয়েব। জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগের ঘটনার বিস্তারিত ।
“দু জনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ব্যাপারটা ঘটেছিল। উলমার ভেবেছিলেন আমি ইনজুরির ভান করছি। আর এ থেকেই আমাদের কথাকাটাকাটির সূত্রপাত। তিনি (উলমার) বুঝতে পারেননি আমার ইনজুরিটা কত সিরিয়াস। আর এ নিয়ে তাকে জেরা করতে দেখে ক্ষুব্ধ হয়ে উঠেছিলাম আমি। পরে অবশ্য তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, উনিও মৃদুস্বরেই কথা বলেছেন। ব্যাপারটা মিটেও গেছে এর পর”Ñ সেদিনের ঘটনা সম্পর্কে শোয়েবের বর্ননা। তবে ব্যাখ্যায় সরলীকরণ চোখে পড়লেও ঘটনাটা কিন্তু এত সরল নয়। অন্তত টিভি ফুটেজ দেখলে সে কথা যে কারো মনে হতে বাধ্য। উলমারকে শোয়েবের ধাক্কা এবং এর পর দু জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য টিভি ক্যামেরাবন্দী হওয়ার কারণেই বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলারকে দিতে হয়েছে জরিমানা।
অথচ প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে পোর্ট এলিজাবেথে শোয়েবই গড়ে দিয়েছিলেন পাকিস্তানের জয়ের ভিত্তি। ৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে তিনিই প্রথম ইনিংসে ১২৪ রানে গুঁড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় দ্বিতীয় ইনিংসে অবশ্য বল করতে পারেননি। আর পারেননি বলেই তার কমিটমেন্ট নিয়ে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে প্রশ্ন উঠেছে আবার। সেজন্য শোয়েব খুব মর্মাহত,“আমি ইঞ্জেকশন নিয়েও দ্বিতীয় ইনিংসে বল করতে চেয়েছিলাম। তবে চিকিৎসকরা বলেছেন আরো বড় ইনজুরিতে পড়ার ঝুঁকি না নেওয়াই উচিৎ। আমাকে তারা পাকিস্তানে ফিরে যেতে বলেছিলেন, যাতে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য ইনজুরি থেকে সেরে উঠতে পারি। এখন সেটাই (বিশ্বকাপে অংশ নেওয়া) আমার প্রধান লক্ষ্য।’ সেই লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রমও করে যাচ্ছেন টেস্টে ১৬৯ ও ওয়ানডেতে ২০৮ উইকেটের মালিক শোয়েব আখতার,“আমি এখন ৮০ শতাংশ ফিট। বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার জন্য দারুণ পরিশ্রম করে যাচ্ছি।”
