বাংলাদেশের শেষ ভরসারও বিদায়
গ্রামীণফোন আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্ণামেন্টে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত টিকে থাকা বাংলাদেশের একমাত্র খেলোয়াড় রঞ্জন রাম আর পারলেন না। রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ২নং কোর্টে চাইনিজ তাইপের আই তা চিনের কাছে ৪ --- ৬, ৪ --- ৬ গেমে হেরে যাওয়ায় বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালের আগেই।
আই তা চিন ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছেন চাইনিজ তাইপের পাই লিং, দক্ষিন আফ্রিকার ডেমেন হুম, জাপানের তোসিয়া সুজুকি, চাইনিজ তাইপের হুসু চুং হাং,ভারতের ক্রিষ্টোফার মারকুইস, তাওয়ারী অভিজিত ও সিতারাম।
অন্যদিকে বালিকা এককে শেষ আটে জায়গা করে নিয়েছেন বেলারুশের মারগারিটা মাইসাক, ভারতের কাইরা সারফ অর্চনা, নাইক আনোয়া সোলাংকি, দক্ষিন আফ্রিকার ম্যাডেলী, মোলমান এবং রাশিয়ার মারিনা লুইসিচিনা। বালক ও বালিকা একক ও দ্বৈতের প্রি - কোয়ার্টারও হয়েছে বৃহস্পতিবার। সেখানে ৩৪টি ম্যাচের মধ্যে ৮টি বালক ও ৮টি বালিকা একক এবং ১১টি বালক দ্বৈত ও ৭টি বালিকা দ্বৈতের ম্যাচ অনুষ্ঠিত হয়।
