২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগান ও পারটেক্সের জয়

কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেট লিগে তৃতীয় জয় পেয়েছে কলাবাগান এবং নবাগত পারটেক্স। বৃহস্পতিবার ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ম্যাচে এক বল বাকি থাকতে ইয়াং পেগাসাসকে ২ উইকেটে হারিয়েছে কলাবাগান। আর বিকেএসপিতে ইন্দিরা রোডের বিপক্ষে পারটেক্সের জয় ৩৭ রানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 09:30 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

অধিনায়ক লালমোহন হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ইয়াং পেগাসাস ৪৫ ওভারে নির্ধারিত ম্যাচে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। লালমোহনের ৮৫ রানের ইনিংসটা মাত্র ৫৭ বলে খেলা। ৯টি বাউন্ডারির পাশাপাশি ছয়টি ছক্কাও মেরেছেন তিনি। এছাড়া পেগাসাসের ইনিংসে ফিফটি আছে আরো দুটো। ওপেনার রবিউল করিম ৮৯ বলে করেছেন ৫৫ রান। দ্বিতীয় উইকেটে অধিনায়কের সঙ্গে ১২১ রানের পার্টনারশিপও গড়েছেন তিনি। আর শরীফুল্লাহর ৬৪ রান মাত্র ৫৮ বলে করা। ২৯৫ তাড়া করতে নামা কলাবাগান অবশ্য সম্মিলিত পারফরম্যান্সের জয়ধ্বনি শুনিয়েছে আরো বেশি। ফিফটি করেছেন তাদের   পাকিস্তানি খেলোয়াড় শাহবাজ বাট (৫০), মাহবুবুল করিম (৫৬) ও আরাফাত সালাউদ্দিন (৫২)। তবে তাদের জয়ের পথ দেখিয়েছে অধিনায়ক নাহিদুল হক শাওনের ব্যাট। রান আউটে শেষ হয়েছে তার ৮৬ বলে ৮২ রানের ইনিংসটা। তবে ম্যাচের সেরা নাহিদুল অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় প্রতিপক্ষের ২৯৫ রান ছুঁয়ে ফেলেছে কলাবাগান।

আগের ম্যাচে সেঞ্চুরি করা রাজিন সালেহ এদিন আরেকটা সেঞ্চুরি প্রায় পেয়েই গিয়েছিলেন। অন্য ওপেনার মিজানুর রহমানকে (৪৬) নিয়ে তিনি ওপেনিংয়েই পারটেক্সকে পাইয়ে দেন ১২২ রানের ভিত্তি। ৩৩ ওভারে নির্ধারিত ম্যাচে এরপর দ্রুতই উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৭৬ রান তোলে পারটেক্স। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া রাজিন ৯৩ বলে করেছেন ৮৯ রান। পরে পেসার মাহফুজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে ১৩৯ রানে গুটিয়ে যায় ইন্দিরা রোড। ১৬ রানে ৫ উইকেট নেওয়া মাহফুজই তাই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।