২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও মনে করিয়ে দিলো মহিলা ক্রিকেটের কথা !

একটা দল ১৭ দশমিক ২ ওভারে অল আউট হয়ে গেছে ৪৯ রানে। এরমধ্যে ৩৯ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। আর ব্যাট থেকে আসা ১০ রানই করেছেন একজন। বাকি দশজনের কেউই কোনো রান করতে পারেননি। এটা মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বৃহষ্পতিবার ভোলার বিপক্ষে রাঙ্গামাটি জেলা দলের ব্যাটিংয়ের চিত্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এবার একই দিনে হওয়া আরেকটা ম্যাচের কথা বলা যাক। ১৭ দশমিক ৪ ওভারে এক দলের ইনিংস শেষ মাত্র ৫৯ রানে। তবে এটাকেও ‘অনেক’ বলতে হয়। এক পর্যায়ে তারা ১২ রানেই  যে হারিয়ে ফেলেছিল ৭ উইকেট! দলের প্রথম সারির ছয় ব্যাটসম্যানের পাঁচজনই শুন্য রানে আউট। অবশ্য এটাকে মহিলা ক্রিকেটের ম্যাচ ভাবলে ভুল হবে। কাই অ্যালটেক প্রিমিয়ার ক্রিকেটে টানা আট ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা আবাহনীর বিপক্ষে সোনারগাঁও ক্রিকেটার্সের ব্যাটিং দূরবস্থার ছবি ওগুলো।

টার্গেট ৬০ রান হলে জিততে কতক্ষনইবা আর লাগে! নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ১৬ দশমিক ৪ ওভারেই ৮ উইকেটের জয় পেয়ে গেছে আবাহনী। অবশ্য সোনারগাঁও ---এর জন্য এবারের লিগে এত অল্পতে গুটিয়ে যাওয়াটা নতুন নয়। এর আগে সিটি ক্লাবের বিপক্ষে ৮৩ রানের লজ্জায় ডুবেছিল তারা।

এখন প্রশ্ন হলো, দেশের ক্লাব ক্রিকেটের সর্বোচ্চ আসরের সামনে এমন ব্যাটিং প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে কিনা?  প্রতিবাদ করে উঠলেন আবাহনী অধিনায়ক খালেদ মাসুদ,“আরে ভাই, আমাদের কৃতিত্ব দেবেন না? শাহজাদা একাই তো ওদের শেষ করে দিল।”

লিগে এতোদূর চলে আসার পথে শাহজাদার অবদানকেও ভুলতে পারছেন না তিনি,“প্রায় প্রতিটা ম্যাচেই ও ভালো বোলিং করেছে। কিন্তু মাশরাফি ছিল বলে কেউ হয়তো সেভাবে খেয়ালই করেনি।” অষ্টম রাউন্ডে জাতীয় ক্রিকেটাররা নেই। তবুও দেশসেরা পেসারের না থাকাটা বুঝতেই পারেননি মাসুদ,“মাশরাফির অভাবটা শাহজাদা টেরই পেতে দিল না।”

আঙ্গুলের ইনজুরির জন্য নিয়মিত ওপেনার মেহরাব হোসেন সিনিয়র মাঠের বাইরে। তাই এ ম্যাচে গতবারের রানার্স আপরা আল শাহরিয়ারের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে পাঠিয়েছিল ইজাজ আহমেদকে। নিজের প্রথম ওভারে তাকে ফিরিয়ে দিয়েই শাহজাদার শুরু। মাসুদ প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভুলও দেখছেন। তবে এখানেও নিজের বোলারদের কৃতিত্ব দেখছেন বড় করে,“ভালো বল করতে থাকলে তো ব্যাটসম্যানরা ভুল করেই। শাহজাদার প্রথম ওভারের চারটা ভালো বল খেলতেই পারেনি ইজাজ। পঞ্চম বলটা ছিল শর্ট। সেটা চালাতে গিয়েই তো ইজাজ আউট হলো।”

এরপর শাহরিয়ার আরেক পেসার জিয়াউর রহমানকে দুটো বাউন্ডারি মারার পর কে ভেবেছিল সোনারগাঁর জন্য এমন বিভীষিকা অপেক্ষা করছে! দলীয় রান ১১ তেই চারটি উইকেট হারায় তারা। এরমধ্যে শাহরিয়ার (১০) জিয়ার ইয়র্কারে বোল্ড। দলের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে রান করেছেন কেবল এই ওপেনারই! এরপর তাদের ১২ রানে ৭ উইকেট হারানো দলও বানিয়েছেন শাহজাদাই। তাই তার ৬ ওভারের একমাত্র স্পেলটা নিয়েছিল অবিশ্বাস্য রূপ, ৬ --- ৩ --- ৯ --- ৬! মাসুদ জানতে চাইছিলেন এটা ঘরোয়া ক্রিকেটের রেকর্ড কিনা। আর শাহজাদার কৃতিত্বকে আরো দৃষ্টিগ্রাহ্য করার জন্য বললেন,“এক পর্যায়ে কিন্তু ওর ১ রানে ৫ উইকেট ছিল।”

এরপরও সোনারগাঁ ৫৯ রানে যেতে পারল, উইকেটকিপার ধীমান ঘোষ (১৭) ও মাহবুবুল আলমরা (১৬*) কিছু রান করায়। না হলে যে এবারের প্রিমিয়ারের সর্বনিু রানও হয়ে  যেত। সেটা ৪৪। নিজেদের প্রথম ম্যাচে তা করেছিল নবাগত পারটেক্স । তবুও ৫৯ রান লজ্জারই। এর পেছনে অজুহাত দাঁড় করানোটা যে অন্যায় তা জানা,  সোনারগাঁও অধিনায়ক অলক কাপালি তাই দলের তৃতীয় হার নিয়ে কথা বলতে গিয়ে পুরোপুরি সেই পথ মাড়ালেন না,“এখন সব জায়গাতেই টস খুব গুরুত্বপূর্ণ। কুয়াশার জন্য উইকেট ভেজা থাকে। আমরা টস হেরে ব্যাট করতে নামার পর ওরাও ভালো জায়গায় বল করেছে। বিশেষ করে শাহজাদা।” মাশরাফিরা চলে যাওয়ার পর শাহজাদারাই এখন নাম ভূমিকায়!