রোনালদোর সামনে কঠিন চ্যালেঞ্জ
প্রায় সাড়ে চার বছর পর আবার তিনি মিলানে। তবে এবারের ঠিকানা ইন্টার মিলান নয়, তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদ থেকে ৭৫ লাখ ইওরোতে (প্রায় ৯৭ লাখ ডলার) এসি মিলানে যোগ দেয়া রোনালদোর সামনে কিন্তু এখন বিরাট চ্যালেঞ্জ। ২১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তার দল এ মুহূর্তে ইতালিয়ান সিরি ‘এ’-র নবম স্থানে। শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে তাদের ব্যবধান ৩০ পয়েন্টের! অর্থাৎ ‘স্কুদেত্তো’ বা ইতালিয়ান লিগের শিরোপা ---- লড়াই থেকে বহু পেছনে পড়ে আছে এসি মিলান। তাদের দুশ্চিন্তা অবশ্য শুধু শিরোপা ---- যুদ্ধেই সীমাবদ্ধ নয়। সিরি ‘এ’-র প্রথম চারটি দলের মধ্যে থাকতে না পারলে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ারই সুযোগ পাবে না তারা। এই রকম কঠিন সময়ে মিলানে যোগ দেয়া তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদোকে যে বিরাট চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
রোনালদোর সেই চ্যালেঞ্জটা শুরু হয়ে যাচ্ছে আগামী রোববার থেকেই। সেদিন পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা এসকোলির মুখোমুখি হবে মিলান। প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম হলেও বদলি হিসাবে ‘দি ফেনোমেনন’-এর মিলানের জার্সি গায়ে অভিষেক হওয়া প্রায় নিশ্চিত।
এ মৌসুমটা একদমই ভাল কাটছে না রোনালদোর। পারফরম্যান্সের দুরবস্থায় রিয়াল মাদ্রিদে জায়গা পাওয়াই হয়ে পড়েছিল অনিশ্চিত। তার সঙ্গে যোগ হয়েছিল কোচ ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গে মনোমালিন্য। সব কিছুর যোগফলে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন ঠিকানা এখন এসি মিলান। ক্যাপেলো নিজে অবশ্য বিদায়বেলায় শুভ কামনা জানিয়েছেন রোনালদোকে। তবে রিয়ালের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্কের ধারণা রোনালদোকে ছেড়ে বিরাট ভুল করেছেন ক্যাপেলো,“এই মুহূর্তে রোনালদোকে ভীষণ দরকার রিয়ালের। তাকে দলে রাখলেই বরং ভালো করতো তারা (রিয়াল)। কারণ তাদের এত ভালো স্ট্রাইকার খুব বেশি নেই।” তার পর পুরনো শিষ্যের প্রশংসা করে দেল বস্কের মন্তব্য,“ সে (রোনালদো) বিভক্ত করার বদলে ড্রেসিং রুমকে বরং একতাবদ্ধ করাতেই বেশি দক্ষ। তাছাড়া স্ট্রাইকার হিসাবে ও সহজাত দক্ষতারও অধিকারী।”
রোনালদোর আরেক সাবেক কোচ জিজি সিমোনিও সাবেক ছাত্রের প্রশংসায় পঞ্চমুখ। ইন্টারে যখন ছিলেন তখন সিমোনিই ছিলেন রোনালদোর কোচ। ‘দি ফেনোমেনন’--- এর ইতালির ফুটবলাঙ্গনে প্রত্যাবর্তনকে তিনি স্বাগত জানিয়েছেন এভাবে,‘‘সিরি ‘এ’--- তে তার প্রত্যাবর্তনটা দারুণ উপভোগ করছি আমরা। কারণ অনেক সাদামাটা চ্যাম্পিয়নশিপে পরিণত হয়ে যাওয়া প্রতিযোগিতাটায় সে আকর্ষণ ফিরিয়ে আনার ক্ষমতা ওর আছে।”
রোনালদোর কারণেই এই রাউন্ডে ইতালিয়ান লিগের বড় এক ম্যাচের আকর্ষণ এখন অনেকখানি ফিকে! যদিও এই ম্যাচে জয় পেলে শিরোপা জয়ের পথে বড় এক পদক্ষেপ রাখবে ইন্টার। রোববার ঘরের মাঠ সানসিরোতে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় স্থানে থাকা রোমা। ১১ পয়েন্টে এগিয়ে সিরি ‘এ’-র শীর্ষে থাকা ইন্টার এই ম্যাচ জিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিতে চাইবে নিশ্চয়ই। তাছাড়া টানা ১৪ জয়ের রেকর্ডটাকে আরো উন্নত করার বাড়তি প্রেরণা তো আছেই!
