২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বাঁচা -- মরার লড়াই

অস্ট্রেলিয়ায় এরই মধ্যে উঠে গেছে “ফিরে যাও ইংল্যান্ড” শোর। তা পারফরম্যান্স যত জঘন্যই হোক, নিয়ম -- কানুনের বাধ্যবাধকতা বলে একটা কথা তো আছে! তাই ইংল্যান্ড দল এখনো অস্ট্রেলিয়ায়। তারা ফাইনাল মিস করছে এটা প্রায় নিশ্চিত। ওই “প্রায়” কথাটাও হয়তো শুক্রবারের ম্যাচ শেষে আর লিখতে হবে না। এ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে গেলে আর থাকবে এক ম্যাচ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তাদের সরিয়ে ফাইনালে যেতে তখন অসম্ভবকেই সম্ভব করতে হবে ইংল্যান্ডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 07:27 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

অবশ্য সিডনিতে অস্ট্রেলিয়াকে হারানোও তাদের জন্য অনেকটা অলীক স্বপ্নের মতো। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এখনো কোনো ম্যাচ হারেনি রিকি পন্টিংয়ের দল। তবে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে বলে ভুলেও যদি তাদের মধ্যে একটু ঢিলেমি আসে সেটাই পথ করে দিতে পারে ইংল্যান্ডকে। তারপর? পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই তারা ফাইনালে। আর শুক্রবারের ম্যাচ হারলে পরের ম্যাচে ইংল্যান্ডকে জিততে হবে বোনাস পয়েন্ট নিয়ে। সেক্ষেত্রে জয়ের ব্যাবধানটা কত বড় রাখতে হবে সে হিসেব মিলাতে ক্যালকুলেটর হাতে নিতে হবে।

অস্ট্রেলিয়া এ ম্যাচে সুযোগ দিচ্ছে ফাস্টবোলার শন টেইটকে। ২৩ বছর বয়সী টেইট খেলবেন ব্রেট লির জায়গায়। বাঁ --- হাতি ফাস্ট বোলার মিশেল জনসনকেও দেয়া হচ্ছে বিশ্রাম। তার জায়গায় দলে আসছেন স্টুয়ার্ট ক্লার্ক। ইনজুরি আক্রান্ত ইংল্যান্ড সম্ভবত আগের ম্যাচের একাদশই খেলাবে। মাইকেল ভনকে পাবার শেষ সম্ভাবনাটুকুও বিলীন। ইনজুরির জন্য দেশে ফিরে যেতে হচ্ছে তাকে।