২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকার রাজা হওয়ার বছর

রিকার্ডো ইজেকসন ডস স্যান্টোস লেইটে। এই নামে অবশ্য তাকে খুব কম ফুটবলপ্রেমীই চেনেন। কিন্তু ডাক নাম বলা হলে সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলবে সবাই। এই নামটাই যে ২০০৭ সালে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত আর উচ্চারিত! অজস্র অর্জন আর পুরস্কারে ধন্য কাকার এক কথায় দারুণ কেটেছে বছরটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 04:19 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ৩১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার আসল নামটা বিশাল --- রিকার্ডো ইজেকসন ডস স্যান্টোস লেইটে। এই নামে অবশ্য তাকে খুব কম ফুটবলপ্রেমীই চেনেন। কিন্তু ডাক নাম বলা হলে সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলবে সবাই। এই নামটাই যে ২০০৭ সালে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত আর উচ্চারিত! অজস্র অর্জন আর পুরস্কারে ধন্য কাকার এক কথায় দারুণ কেটেছে বছরটা। তার দুর্দান্ত নৈপুণ্যের সৌজন্যে এসি মিলানের জন্যও বছরটা ছিল বর্ণিল। কাকা ও তার দলের পাশাপাশি এ বছরের অন্যতম আলোচিত ঘটনা ইরাকের এশিয়া কাপ জয়। যুদ্ধের ভয়াবহতাকে পেছনে ফেলে ইরাক যেভাবে এশিয়া কাপ ফুটবলের শিরোপা জিতে নিয়েছে সেটা একমাত্র রূপকথার সঙ্গেই তুলনীয়! ২০০৬ সালে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় ইওরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এসি মিলানকে চ্যাম্পিয়নস লিগে অংশ নেয়ার অনুমতি দিতে চায়নি। অথচ অনেক কাঠ-খড় পুড়িয়ে অনুমতি পাওয়া মিলানই এবারের চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন। এই কৃতিত্বে সিংহভাগ অবদান কাকার। আন্দ্রেই শেভচেঙ্কোর চেলসিতে চলে যাওয়া তিনি বুঝতেই দেননি দলকে। অন্যকে দিয়ে গোল তো করিয়েছেনই, গোল করাতেও পিছপা হননি কখনো। ১০ গোল করে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২৩ মে এথেন্সে লিভারপুলের বিপক্ষে ফাইনালে মিলানের ২-১ গোলের জয়ে নিজে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও ফিলিপ্পো ইনজাগির করা দুই গোলেই ভূমিকা ছিল কাকার। টুর্নামেন্টের প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত চোখধাঁধানো পারফরম্যান্সের জন্যই উয়েফা ডট কমের ১০ হাজারেরও বেশি দর্শনার্থীর ওপর পরিচালিত জরিপে ভোডাফোন ফ্যান'স প্লেয়ার অব দ্য সিজন নির্বাচিত হয়েছেন তিনি। জার্মান ফুটবল ম্যাগাজিন 'কিকার'-এর বিশ্বের সেরা ফুটবলার, উয়েফার ২০০৬-০৭ চ্যাম্পিয়নস লিগ মৌসুমের সেরা ফরোয়ার্ড ও বছরের সেরা ক্লাব ফুটবলারও এক ও অভিন্ন --- কাকা! অক্টোবরে হয়েছেন ফিফপ্রো ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার। তবে এই সুদর্শন ফুটবলারকে দু হাত ভরে দিয়েছে বছরের শেষ মাস ডিসেম্বর। ২ তারিখে ব্যালন ডি 'অর বা ইওরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন। এর পর মিলানকে জেতালেন ক্লাব বিশ্বকাপ ফুটবলের শিরোপা। ফাইনালে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের বিপক্ষে দলের ৪-২ গোলের জয়ে একটি করেছেন নিজে, আর দুটো করিয়েছেন অন্যদের দিয়ে। তার পর দিন অর্থাৎ ১৭ ডিসেম্বরের রাত কাকার জীবনকে রাঙিয়ে দিয়েছে বর্ণিল এক রংধনুতে। একজন ফুটবলারের জন্য সবচেয়ে বড় সম্মান ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পথে তিনি পেছনে ফেলে দিয়েছেন এই সময়ের দুই আলোচিত তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। অবশ্য কাকার এই পুরস্কার জয় মোটামুটি প্রত্যাশিতই ছিল বিশ্ব ফুটবলাঙ্গনে। সেই প্রত্যাশা ভোটের অংকেও প্রতিফলিত। মেসি ও রোনালদোর মিলিত ভোটের চেয়েও বেশি ভোট পেয়েছেন কাকা! অথচ এই কাকাই দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট কোপা আমেরিকায় ক্লান্তির কারণে খেলেননি। অংশ নেননি রোনালদিনহোও। কিন্তু দু তারকাকে ছাড়াই ব্রাজিল ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী এবং টুর্নামেন্ট ফেভারিট আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে জিতে নিয়েছে শিরোপা, বিস্মিত করেছে গোটা ফুটবল দুনিয়াকে। তবে তার চেয়ে বহু গুণ বেশি বিস্ময়কর ঘটনা ইরাকের এশিয়া কাপের শিরোপা জয়। চার বছর ধরে দেশটি যুক্তরাষ্ট্রের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ক্ষত-বিক্ষত, বিধ্বস্ত। ফুটবলের অবকাঠামো এবং সুযোগ-সুবিধা নেই বললেই চলে। এবং সবচেয়ে বড় কথা দলের বেশির ভাগ সদস্যের অনেক নিকটাত্মীয় যুদ্ধে নিহত বা মারাত্মকভাবে আহত। গোলকিপার নূর সারির ভগ্নিপতি তো এশিয়া কাপ শুরু হওয়ার কয়েক দিন আগে মারা গেছেন নির্মমভাবে। এমন অবস্থায় অনেকেই ভেবেছিল ইরাকের পক্ষে প্রথম রাউন্ডের বাধা ডিঙ্গানোও সম্ভব হবে না। কিন্তু সবাইকে বিস্মিত করে ফাইনালে টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়ন ও ফেভারিট সৌদি আরবকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইরাক, জন্ম দিয়েছে এক ফুটবল-রূপকথার। প্রথম দল হিসাবে টানা দ্বিতীয় বারের মতো জার্মানির মহিলা বিশ্বকাপের শিরোপা জয়ও কম কৃতিত্বপূর্ণ নয়। আরো কিছু আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ২০০৭। ১৭ বছর ধরে উয়েফার প্রেসিডেন্ট থাকা লেনার্ট ইয়োহানসনকে নির্বাচনে ক্ষমতাচ্যূত করেছেন ফরাসী গ্রেট মিশেল প্লাতিনি। চেলসিকে ২০০৪-০৫ ও '০৫-০৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেয়া কোচ হোসে মরিনহো পদত্যাগ করেছেন সেপ্টেম্বরে। ইংল্যান্ডকে 'ইওরো ২০০৮'এর চূড়ান্ত পর্বে নিয়ে যাওয়ার ব্যর্থতার মাশুল দিয়ে চাকরি হারিয়েছেন কোট স্টিভ ম্যাকলারেন। তার উত্তরসূরী নির্বাচিত হয়েছেন ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ ফ্যাবিও ক্যাপেলো। বছরের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা নিঃসন্দেহে স্পেনের জাতীয় দল ও সেভিয়ার ফুটবলার আন্তোনিও পুয়ের্তার মৃত্যু। ২৫ আগস্ট একটি ম্যাচ চলার সময় হার্ট অ্যাটাক হয়েছিল তার। মাঠ থেকে তাকে হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তিন দিন পর মাত্র ২২ বছর বয়সে পুয়ের্তা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এছাড়া সাবেক সুইডিশ ও এসি মিলান তারকা নিলস লিয়েডহোম (৮৫), '৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের কনিষ্ঠতম সদস্য অ্যালান বল (৬১) ও '৮২ বিশ্বকাপ রানার্স আপ পশ্চিম জার্মানি দলের কোচ জাপ ডারওয়েলকেও (৮০) চিরবিদায় জানিয়েছে ২০০৭ সাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.