লন্ডন, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একটা ফাটকা খেলেছিলেন আর্সেন ওয়েঙ্গার। শীর্ষ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন আর্সেনাল ম্যানেজার। শেষ বিচারে সেটা দারুণ কাজেই লেগেছে। শনিবার এভারটনকে ৪-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আবারও দখল করেছেন গানাররা। বছর শেষের এই অর্জনে তাদের সাহায্য করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। সুযোগটা নিয়েছে চেলসিও। নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ব্যবধান আরো কমিয়েছে তৃতীয় স্থানে থাকা দলটি।
এর আগে নিজেদের মাঠে টানা দুবার আর্সেনালকে হারিয়েছে এভারটন। প্রিমিয়ার লিগে জায়ান্ট-কিলার হিসেবে ফর্মে থাকা দলটি তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল ১৯ মিনিটে টিম কাহিলের গোলে এগিয়ে গিয়ে। কিন্তু হিসেবটা পাল্টে দিয়েছেন এডুয়ার্ডো ডি সিলভা। ব্রাজিলিয়ান বংশোদ্ভুত এই ক্রোয়েশিয়ান স্ট্রাইকার ৪৭ মিনিটে সমতা ফিরিয়েছেন। আর ১১ মিনিট পর উল্টো এগিয়ে দিয়েছেন দলকে। ৭৪ মিনিটে তরুণ ডেনিশ ফরোয়ার্ড নিকলাস বেন্ডটনার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। কিন্তু কয়েক মিনিট পর প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে আর্সেনালের তৃতীয় গোলটি করে বসেন টোগোর স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োর। তারই মতো বদলি নামা টমাস রসিকি ইনজুরি টাইমে করেছেন আর্সেনালের চতুর্থ গোল।
ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে সুবর্ণ সুযোগ এসেছিল শীর্ষে থেকে বছর শেষ করার। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। এজন্য খানিকটা দায় নিতেই হবে ক্রিস্টিয়ানো রোনালদোর। ১৪ মিনিটে তার গোলেই এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। কিন্তু ৬৬ মিনিটে পেনাল্টি মিস করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ৭৭ মিনিটে ওয়েস্ট হ্যাম সমতা ফেরায় অ্যান্টন ফার্ডিনান্ডের গোলে। ম্যাচের ৮ মিনিট আগে জয়সূচক গোলটি করেছেন ম্যাথু আপসন।
সাসপেনশন ও ইনজুরির কারণে শীর্ষ বেশ কজন খেলোয়াড় ছাড়াই নেমেছিল চেলসি। ২৯ মিনিটে মাইকেল এসিয়েনের গোলে এগিয়ে যায় তারা। ৫৬ মিনিটে নিউক্যাসলের হয়ে সমতা আনেন নিকি বাট। খেলার মিনিট তিনেক বাকি থাকতে এক বিতর্কিত গোলে চেলসিকে পুরো পয়েন্ট এনে দিয়েছেন সুলায়মান কালু। দিনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিডিংকে ৬-৪ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার। বিরতির পর ২০ মিনিটের মধ্যে ৭ গোল হয়েছে এ ম্যাচে। দিন শেষে ২০ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর পয়েন্ট ৪৫ এবং চেলসির ৪১। এভারটন ৩৩ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। চতুর্থ স্থানে থাকা লিভারপুল ও পঞ্চম ম্যানচেস্টার সিটি রোববার মুখোমুখি হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬৫৫ঘ.
bdnews24