লন্ডন, ২৭ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বুধবার ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে হারিয়েছে স্যান্ডারল্যান্ডকে, সুবাদে তাদের পয়েন্ট হয়েছে ৪৫। এই রাউন্ডের আগ পর্যন্ত তাদের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থাকা আর্সেনাল পোর্টসমাউথের সঙ্গে গোলশূন্য ড্র করাতে তাদের পয়েন্ট এখন ৪৪। আর তাই মৌসুমের প্রথম ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টারই এখন ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরে।
আর্সেনালের মতো আটকে গেছে চেলসিও, তারা ৪-৪ গোলে ড্র করেছে অ্যাস্টন ভিলার সঙ্গে। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। আর ডার্বি কাউন্টিকে কোনোরকমে ২-১ গোলে হারানো লিভারপুল ৩৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। অবশ্য লিভারপুল ম্যাচ খেলেছে একটি কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৯২০ঘ.
bdnews24