২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের নাটক করেও সুলতান বাফুফেতে বহাল!

পদত্যাগের নাটক করেও বাফুফে সভাপতি এস এ সুলতান স্বপদে বহাল থাকলেন ফিফার চিঠির জোরে ! এই চিঠির এমনই জোর যে তাতে আন্তর্জাতিক ফুটবলে বহিষ্কারের ভয়ও দেখানো হয়েছে বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পদত্যাগের নাটক করেও বাফুফে সভাপতি এস এ সুলতান স্বপদে বহাল থাকলেন ফিফার চিঠির জোরে ! এই চিঠির এমনই জোর যে তাতে আন্তর্জাতিক ফুটবলে বহিষ্কারের ভয়ও দেখানো হয়েছে বাংলাদেশকে। প্রায় এক সপ্তাহ অচল হয়ে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশেষে সচল হয়েছে। এতদিন বাফুফে ভবনে গিয়ে কোনো কর্মকর্তার দেখা না মিললেও অবশেষে বুধবার বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাত্তাহ জানিয়েছেন, "গত ১৬ ডিসেম্বর বাফুফে সভাপতি এস এ সুলতান ফিফা প্রেসিডেন্ট ও জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। কিন্তু ফিফা সেই পদত্যাগ পত্র গ্রহণ করেনি।" ফিফা পদত্যাগ পত্র গ্রহণ না করলেও জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। সেটার কী হবে ? তার কোনো জবাব নেই বাফুফের মিডিয়া ম্যানেজারের কাছে। অবশ্য তিনি স্বীকার করেছেন, চিঠির ওপরে ১৫ ডিসেম্বরের কথা উল্লেখ থাকলেও সুলতান চিঠি পাঠিয়েছেন ১৬ ডিসেম্বর। আরেকটি মৌলিক প্রশ্ন হচ্ছে, এস এ সুলতান কেন ফিফার কাছে পদত্যাগ করতে গেছেন ? বাংলাদেশে কী তার পদত্যাগ করারও জায়গা নেই ? অনেকের ধারণা, পদত্যাগে অনিচ্ছাসত্ত্বেও তিনি পদত্যাগের নাটক করেছেন। সত্যি পদত্যাগ করতে চাইলে তিনি বাফুফের কমিটির কাছেই করতেন। ফাত্তাহ আরো জানিয়েছেন, "সুলতানের পদত্যাগ পত্র গ্রহণ না করে ফিফা নির্দিষ্ট সময়ের মধ্যে বাফুফে নির্বাচন অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে। কমিটির কেউ যদি পদত্যাগ করে তখন ফিফা আদর্শ গঠনতন্ত্রের ১৪ নম্বর আর্টিকেল অনুসরণ করে বাংলাদেশকে আন্তর্জাতিক ফুটবলাঙ্গন থেকে বহিষ্কার করবে।" কিন্তু এই চিঠি কবে এসেছে তার দিন-তারিখ উল্লেখ করতে পারেননি মিডিয়া ম্যানেজার এবং চিঠির কোনো কপিও দেখাননি সাংবাদিকদের। ফিফার এরকম নির্দেশ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাফুফের বাইরে থাকা ফুটবল সংগঠকরা। গত এপ্রিলে বাফুফের বর্তমান কমিটির নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলেও তারা এখনো বাফুফের পদে বহাল আছেন দেশের ফুটবলকে খাদের কিনারায় নিয়ে গিয়েও। তাদের জোর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ফিফা তাদের এক বছর সময় বাড়িয়ে দিয়েছে বাফুফে নির্বাচন সম্পন্ন করার জন্য। মানে ফিফার দেওয়া এক বছরের মধ্যে আর মাত্র চার মাস সময় হাতে আছে। এর মধ্যেই ডিএফএ গঠন করে নির্বাচন করতে হবে সুলতানের কমিটিকে। গত ৮ মাসে যারা পঞ্চাশ শতাংশ নির্বাচনী অগ্রগতি (ডিএফএ গঠনসহ অন্যান্য কাজ) করতে পারেনি তারা বাকি চার মাসে কি করে নির্বাচন আয়োজন করবে তা বলা মুশকিল! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৫৭ঘ.