ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিকেএসপিতে গিয়েই তিনি মিশে গেলেন খুদে ফুটবলারদের সঙ্গে। ফুটবল খেললেন, কিশোর ফুটবলারদের নিয়ে আনন্দ করলেন। জিম ভুলে গেলেন নিজের পদ-পদবীর কথা। পুরো নাম জিম ফিজপ্যাট্রিক, হাউস অফ কমন্সের সদস্য। নির্বাচনী এলাকা লন্ডনের পপলার অ্যান্ড ক্যানিং, যেখানে ক্যানারি ওয়ার্ফ বিভিন্ন সেবামূলক কাজ করে। এই বৃটিশ প্রতিষ্ঠান গত দেড় বছরে বাংলাদেশের ফুটবল উন্নয়নেরও অংশ হয়ে গেছে। তা দেখতেই ঢাকায় এসেছেন লেবার পার্টির এই এমপি।
বুধবার বাংলাদেশী খুদে ফুটবলারদের সঙ্গে তার সাক্ষাতের সময় ক্যানারি ওয়ার্ফ ঘোষণা দিয়েছে, ১৫ জনকে তারা আগামী মে মাসে এক মাসের ট্রেনিংয়ে ইংল্যান্ড নিয়ে যাবে। এছাড়া এদেশে একটা ফুটবল একাডেমি গড়ারও চিন্তা-ভাবনা করছে তারা। বুধবার বিকেএসপিতে এক সংবাদ সম্মেলনে এসব খবর দিয়েছেন ক্যানারি ওয়ার্ফের কমিউনিটি অ্যাফেয়ার্স ম্যানেজার জাকির খান এবং স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হাওয়ার্ড ডোবার। সঙ্গে ছিলেন স্থানীয় সমন্বয়ক ফজলুর রহমান বাবুল, বাফুফে সহ সভাপতি মনির আহমেদসহ অনেকে।
ক্যানারি ওয়ার্ফের কর্মকান্ডের সমর্থন জানিয়ে বৃটিশ এমপি জিম ফিজপ্যাট্রিক বলেছেন, "পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করে স্থানীয় উন্নয়নে ভাল অবদান রাখছে ক্যানারি ওয়ার্ফ। আশা করি এখানকার ফুটবল উন্নয়নেও তারা বড় ভূমিকা রাখতে পারবে। আমার পক্ষ থেকে তারা সব রকমের সাহায্য-সহযোগিতা পাবে।"
প্রায় ১৮ মাস ধরে ক্যানারি ওয়ার্ফ বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করছে সারা দেশ থেকে বাছাই করা কিছু ফুটবল প্রতিভাকে প্রশিক্ষণ দিয়ে। এখন প্রশিক্ষণ ক্যাম্পে আছে কেবল ৩৪ জন ফুটবলার। যাদের ইংল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তারা। প্রতিষ্ঠানের কমিউনিটি অ্যাফেয়ার্স ম্যানেজার জাকির খান বলেছেন, "মে মাসে আমরা তাদেরকে ইংল্যান্ডে নিয়ে যাবো চার সপ্তাহের জন্য। সেখানে ডেভিড বেকহাম একাডেমি ছাড়াও ওয়েস্টহাম ও আর্সেনাল কোচের তত্ত্বাবধানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। আপাতত ১৫ জন নেওয়ার বিষয়টা নিশ্চিত করে বলা যাচ্ছে। তবে সবাইকে নিয়ে যাওয়ারই চেষ্টা চলছে।"
দেশে খুদে ফুটবলারদের প্রশিক্ষণ চলছে সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপুর অধীনে। তাদের স্কুলের পরীক্ষা ও আবাসন ব্যবস্থার অপ্রতুলতার জন্য মাঝে মাঝে প্রশিক্ষণে লম্বা ছেদ পড়লেও টিপুর বিশ্বাস, "তাদের বেশ উন্নতি হয়েছে। আমি নিশ্চিত, বয়সভিত্তিক দলে ভালো ভাবে জায়গা করে নেওয়ার মতো দক্ষতা তারা অর্জন করেছে।" জায়গার অভাবে আবাসিক ফুটবল ক্যাম্প আয়োজনের সুযোগ কম। তাই যত দিন বিকেএসপিতে জায়গা হয়েছে তত দিনই ক্যাম্প চলেছে।
সেজন্যই বাংলাদেশে একটা ফুটবল একাডেমি গড়ারও চিন্তা ভাবনা করছে তারা। ক্যানারি ওয়ার্ফের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হাওয়ার্ড ডোবার বলেছেন, " একটা স্থায়ী একাডেমি গড়ার চিন্তা করছি। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে এমিরেটস এয়ারলাইন্স ও ক্লিফটন গ্র"পের সঙ্গে কথা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।"
সংবাদ সম্মেলনের পর বিকেএসপির মাঠে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ক্যানারি ওয়ার্ফের খুদে ফুটবলারদের সঙ্গে খেলেছেন সাবেক তারকা আসলাম-জনি-সাব্বির-নকীবরা। সাবেক তারকারা ৩-১ গোলে জিতলেও ম্যাচের সেরা গোলটি করেছেন খুদে ফুটবলারদের নিয়ে গড়া দলের অধিনায়ক বৃটিশ এমপি জিম ফিজপ্যাট্রিক। দুর্দান্ত এক হেডে গোল করে ৫৫ বছর বয়সেও প্রতিভার ঝলক দেখিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৮৪১ঘ.
bdnews24