লন্ডন/রোম/মাদ্রিদ, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিনের ভোজটা লিগের শীর্ষ দল হিসেবেই উদযাপন নিশ্চিত করেছে আর্সেনাল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে টটেনহাম হটস্পারকে হারিয়েছে গানাররা। সুবাদেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চার পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে তারা। সিরি-এতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে এএস রোমা। অধিনায়ক ফ্রান্সেসকো টট্টির জোড়া লক্ষ্যভেদে সাম্পদোরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা। স্প্যানিশ প্রিমেরা লিগে রিয়াল জারাগোজার সঙ্গে ২-২ গোলে ড্র করে অবনমনে রাশ টেনেছে ভ্যালেন্সিয়া।
এমিরেতস স্টেডিয়ামের ম্যাচে গানারদের জয়ের নায়ক সেস্ক ফেব্রেগাস। দুটো গোলই বানিয়ে দিয়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। বিরতির মিনিট তিনেক পর ইমানুয়েল আদেবায়োরের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এটি ছিল মৌসুমে তার ১০ম গোল। ৬৬ মিনিটে দিমিতার বার্বাতোভ সমতা ফেরান। খানিক পরই বদলি নামা ১৯ বছর বয়সী ডেনিশ স্ট্রাইকার নিকলাস বেন্ডটনার দারুণ এক হেডে জয়সূচক গোলটি করেছেন। সুবাদেই আর্সেনালের পয়েন্ট ৪৩। দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর সংগ্রহ ৩৯। দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করে চতুর্থ স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ফার্নান্দো তোরেসের দু'গোলে লিভারপুল ৪-১ গোলে হারিয়েছে পোর্টসমাউথকে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও রিডিং ২-১ গোলের জয় পেয়েছে মিডলসবরো ও সান্ডারল্যান্ডের বিপক্ষে। ফুলহাম ১-১ গোলে ড্র করেছে উইগান অ্যাথলেটিকের সঙ্গে।
শনিবার রোমাকে সহজ জয় এনে দিয়েছেন অধিনায়ক ফ্রান্সেসকো টট্টি। তার দুগোলের সুবাদে এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়েছে রোমা। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে তাদের ব্যবধান ৪ পয়েন্টের। দিনের অন্য ম্যাচে পারমাকে ১-০ গোলে হারিয়ে সিরি-এ'র প্রথম জয় পেয়েছে জেনোয়া।
স্প্যানিশ প্রিমেরা লিগায় দু'গোলে পিছিয়ে পড়েও রিয়াল জারাগোজার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়া। সুবাদেই পয়েন্ট টেবিলে ৭ম স্থানে আছে রোনাল্ড কোম্যানের দল। দিনের অন্য ম্যাচে ৬ষ্ঠ স্থানে থাকা রেসিং সান্টান্ডারকে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়া।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৪২ঘ.
bdnews24