২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার বর্ষসেরা ফুটবলার কাকা

লড়াইটা মোটেও হাড্ডাহাড্ডি হয়নি। শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির নাম জোরেশোরে শোনা গেছে সত্যি। কিন্তু দুজনের মিলিত ভোটও কাকার চেয়ে কম। সুবাদেই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কারে কারো ভাগ বসানো সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

জুরিখ, ১৮ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লড়াইটা মোটেও হাড্ডাহাড্ডি হয়নি। শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির নাম জোরেশোরে শোনা গেছে সত্যি। কিন্তু দুজনের মিলিত ভোটও কাকার চেয়ে কম। সুবাদেই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কারে কারো ভাগ বসানো সম্ভব হয়নি। তা উঠেছে কাকার হাতেই। সোমবার জুরিখে ফিফা আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কিংবদন্তী ফুটবলার পেলের হাত থেকে পুরষ্কারটি নিয়েছেন এসি মিলানের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কদিন আগে ফ্রান্স ফুটবলের 'ব্যালো ডি অর' এবং ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের বর্ষসেরা ফুটবলারও হয়েছেন কাকা। তালিকাভুক্ত জাতীয় দলের কোচ ও অধিনায়কদের ভোটে প্রতিবছর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করে থাকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। কাকা পেয়েছেন ১ হাজার ৪৭ ভোট। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি ৫০৪ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পর্তুগিজ মিডফিল্ডার ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন ৪২৬ ভোট। চেলসিতে খেলা আইভরি কোস্টের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা ২০৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। ২০০৪ ও ২০০৫ সালের বর্ষসেরা ফুটবলার বার্সেলোনার ব্রাজিলিয়ান প্লে মেকার রোনালদিনিয়ো পঞ্চম হয়েছেন। বছরটা আসলেই দারুণ কেটেছে কাকার। ইতালির ঘরোয়া লিগে খুব একটা ভালো অবস্থানে নেই এসি মিলান। কিন্তু কাকা বলতে গেলে একাই তাদের ক'দিন আগে এনে দিয়েছেন বিশ্ব ক্লাব কাপ। আর গত মে মাসে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় তার দুর্দান্ত পারফরম্যান্স বিশাল প্রভাব ফেলেছে ভোটাভুটিতে। গত মাস কয়েকের আলোচনায় তাই নিশ্চিত ছিল তার বর্ষসেরার খেতাব জেতা। কাকাও স্বীকার করেছেন তা, "শুধু এই পুরষ্কার পাওয়াতেই নয়, গোটা বছরটাই আমার দারুণ কেটেছে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা এবং তার পরের সব কিছুই ছিল দুর্দান্ত অর্জন। আমি এই শিরোপাটা জেতার স্বপ্ন দেখতাম, কিন্তু সত্যি সত্যি নিশ্চিত হওয়ার আগে একটু সংশয় তো ছিলই।" প্রচণ্ড ধার্মিক কাকা যোগ করেছেন, "যখন আমি ছোট ছিলাম, আমার স্বপ্ন ছিল সাও পাওলোতে খেলা এবং জাতীয় দলের জার্সি গায়ে একটি ম্যাচ। ব্যাস.. এটুকুই। কিন্তু বাইবেলে লেখা আছে ঈশ্বর আমাদের চাওয়ার চেয়ে বেশিই দেন এবং আমার জীবনে তাই ঘটেছে।" গত কোপা আমেরিকায় ব্রাজিলের দুর্দান্ত অর্জনে কাকার অংশীদারিত্ব ছিল না। বিশ্রামে ছিলেন তিনি। কিন্তু পেলে মনে করেন জাতীয় দলের হয়ে পারফরম্যান্সই তাকে অন্য সব প্রতিযোগীদের পেছনে ফেলতে সাহায্য করেছে। ফুটবলে আজীবনের অবদানের জন্য ফিফার প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড জয়ী পেলে বলেছেন, "ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি এ বছর দারুণ কিছু পারফরম্যান্স দেখিয়েছে কিন্তু তারা কেউই এখনও তাদের জাতীয় দলের সবচেয়ে উল্লেখযোগ্য খেলোয়াড় নয়। কাকা গত চার বছর ধরে ব্রাজিলের হয়ে সেই মানের খেলা খেলছে। মিডফিল্ডে সে অপরিহার্য এবং মাঠের বাইরেও দারুণ উদাহরণ। সে একজন পরিপূর্ণ খেলোয়াড়।" সোমবার রাতের অনুষ্ঠানে ব্রাজিলের জয়ের ষোলকলা পূর্ণতা দিয়েছেন মার্তা। টানা দ্বিতীয় বছরের মতো মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪১০ঘ.