ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মিডিয়ার প্রতি এস এ সুলতানের বিরূপ মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা দাবি তুলেছেন, "সুলতানকে নিঃশর্ত ক্ষমা প্রর্থনা করতে হবে।"
এছাড়া প্রতিবাদ হিসেবে বাফুফে সভাপতি এস এ সুলতানের ক্রীড়া কর্মকান্ড সংক্রান্ত সব সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করারও সিদ্ধান্ত হয়েছে।
দুপুরে ক্রীড়া পরিষদ সম্মেলনকক্ষে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী তিন সংগঠন বাংলাদেশ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও স্পোর্টস জার্নালিস্ট এন্ড রাইর্টাস কমিউনিটির সাংবাদিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা। প্রথমেই লিখিত প্রতিবাদপত্র পাঠ করেন ক্রীড়া লেখক সমিতির সভাপতি সারোয়ার হোসেন। সেখানে বাফুফে সভাপতির বক্তব্যকে তার হীনমন্যতার পরিচয় বলে ব্যাখ্যা করা হয়েছে।
গত ১৩ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানকে লেখা বাফুফে সভাপতির চিঠি ফাঁস হয়ে যায়। তাতে তিনি লিখেছেন বিনিময় ছাড়া মিডিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এছাড়া মিডিয়াকে রাজনৈতিক প্রভাবিত বলে আখ্যায়িত করেছেন তিনি। এটা নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে প্রতিবাদ পত্রে, "বাফুফে সভাপতি কখনো অনুধাবন করেননি যে মিডিয়াকে নিয়ন্ত্রণ কখনই সম্ভব নয়। মিডিয়া শব্দটির ব্যাপকতা তিনি উপলব্ধি করতে পারেননি। নিজের ও ফেডারেশনের ব্যর্থতা যখন মিডিয়ায় প্রকাশিত হয়েছে তখনই তিনি তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রভাবিত বলে আখ্যায়িত করেছেন।"
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএসজেএ সভাপতি মঞ্জুরুল হক, সাধারন সম্পাদক সৈয়দ মামুন, ক্রীড়া লেখক সমিতির সাধারন সম্পাদক দুলু মল্লিক, কামালুর রহমান, জনকন্ঠের ক্রীড়া সম্পাদক মজিবর রহমান ও মোশারফ হোসেন। তারা তাৎক্ষনিকভাবে সাধারণ সাংবাদিকদের তুলে ধরা বিভিন্ন সমস্যারও দিকনির্দেশনা দিয়েছেন। যেমন যুগান্তরের ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক চঞ্চল প্রস্তাব দিয়েছেন, ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের বরাবরে চিঠি লিখেই তাকে ক্ষমা চাইতে হবে। চ্যানেল আই-এর পান্থ রহমান এ ব্যাপারে আইনি লড়াইয়ে যাওয়া যায় কিনা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন জনকন্ঠের আরিফুর রহমান বাবু। একটি পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে বিভেদ তৈরি করার ব্যাপারটিও সমালোচিত হয়েছে সংবাদ সম্মেলনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.
bdnews24