ইয়োকোহামা, জাপান, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কে হবেন এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার? প্রশ্নটা উচ্চারিত হলে বেশিরভাগ ফুটবলামোদীর কণ্ঠে উচ্চারিত হবে একটি নাম --- কাকা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের শিরোপা জয়ের অন্যতম নায়ক তো তিনিই! ক্লাব বিশ্বকাপ ফুটবলেও দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখলেন এই ব্রাজিলিয়ান প্লেমেকার। রোববার অনুষ্ঠিত ফাইনালে কাকার অসাধারণ পারফম্যান্সের সুবাদে এসি মিলান ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে। নিজে এক গোল করার পাশাপাশি ফিলিপ্পো ইনজাগির দুই গোলের রূপকারও কাকা।
বিখ্যাত ফুটবল ম্যাগাজিন 'ওয়ার্ল্ড সকার'-এর দৃষ্টিতে এ বছরের সেরা ফুটবলার কাকার পাস থেকেই ম্যাচের ২১ মিনিটে মিলানকে এগিয়ে দেন ইনজাগি। তবে পরের মিনিটেই রড্রিগো প্যালাসিওর হেড সমতায় ফিরিয়েছে দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের চ্যাম্পিয়ন বোকা জুনিয়র্সকে। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
কিন্তু দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ডিফেন্ডার আলেসান্দ্রোর নেস্তার ভলি আবার এগিয়ে দেয় মিলানকে। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি চ্যাম্পিয়নস লিগের বিজয়ীদের। কারণ কাকার চোখধাঁধানো নৈপুণ্য। ৬১ মিনিটে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-১ করেছেন তিনি। দলের শেষ গোলটিও তারই কৃতিত্বে ভাস্বর। দুর্দান্ত এক দৌড়ে বোকার ডিফেন্স এলোমেলো করে দিয়ে ইনজাগির উদ্দেশে বল বাড়িয়েছেন কাকা। বাকি কাজটা শেষ করতে একটুও সমস্যা হয়নি ইনজাগির (৪-১)। মিলানের মাসিমো আমব্রোসিনির আত্মঘাতী গোল ব্যবধানকে ৪-২এ নামিয়ে আনলেও ম্যাচে আর ফিরতে পারেনি বোকা। দু দলই ম্যাচটা শেষ করেছে দশ জন নিয়ে। ৭৭ মিনিটে লাল কার্ড দেখেছেন মিলানের জর্জিয়ান ডিফেন্ডার কাখা কালাদজে। আর শেষ মুহূর্তে কাকাকে মারাত্মক ফাউল করে মার্চিং অর্ডার পেয়েছেন বোকার বদলি খেলোয়াড় পাবলো লেদেসমা।
৬৮ হাজার দর্শকের সামনে পাওয়া জয় দিয়ে চার বছরের পুরনো একটা হিসাবও মেটালো মিলান। ২০০৩ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে বোকা জুনিয়র্সের কাছেই টাইব্রেকারে হার মেনেছিল তারা। ১৯৬৯, '৮৯ ও '৯০ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হলেও নতুন রূপে আয়োজিত এই টুর্নামেন্টে এটাই তাদের প্রথম শিরোপা। দলের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসটা তাই ম্যাচশেষে ধরা পড়লো এই সময়ের অন্যতম সেরা ফুটবলার কাকার কণ্ঠে, "এই ট্রফিটা আমি আগে কখনো জিততে পারিনি। শেষ পর্যন্ত এটাতে (ট্রফিতে) হাত রাখতে পারা সত্যিই জাদুকরী এক অভিজ্ঞতা। আমি কতোটা খুশি হয়েছি তা বর্ণনা করতে পারবো না। আমি এখন সব কিছুই জয় করেছি --- এটা অবিশ্বাস্য।"
কাকার শেষ কথাটায় অবশ্য একটু ভুল আছে! এখনো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তার হাতে ওঠেনি। তবে এ বছর তার যা পারফরম্যান্স তাতে করে পুরস্কারটা কাকারই প্রাপ্য। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার তার হাতে না উঠলে সেটা হবে বছরের সবচেয়ে বড় অঘটন!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৮ঘ.
bdnews24