২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ'তোর দারুণ নৈপুণ্যে বার্সেলোনার সহজ জয়

আবার স্যামুয়েল এ'তোর নৈপুণ্যে উদ্ভাসিত বার্সেলোনা। ইনজুরির কারণে গত মৌসুমের একটা বড় অংশ খেলতে পারেননি। এবারও পায়ে অস্ত্রোপচার করায় তিন মাস থাকতে হয়েছিল মাঠের বাইরে। সেই ধকল যে ভালোভাবেই কাটিয়ে উঠেছেন তা প্রমাণ করলেন তিনি। গত সপ্তাহে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ফিরলেও গোল পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

মাদ্রিদ/রোম, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার স্যামুয়েল এ'তোর নৈপুণ্যে উদ্ভাসিত বার্সেলোনা। ইনজুরির কারণে গত মৌসুমের একটা বড় অংশ খেলতে পারেননি। এবারও পায়ে অস্ত্রোপচার করায় তিন মাস থাকতে হয়েছিল মাঠের বাইরে। সেই ধকল যে ভালোভাবেই কাটিয়ে উঠেছেন তা প্রমাণ করলেন তিনি। গত সপ্তাহে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ফিরলেও গোল পাননি। পেলেন শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। ক্যামেরুনিয়ান স্ট্রাইকার এ'তোর দু-দুটো চমৎকার গোলের সৌজন্যেই ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ৩-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। 'বার্সা'র অন্য গোলটি করেছেন আইসল্যান্ডের ফরোয়ার্ড এইডুর গুডজনসেন। এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের দ্বিতীয় স্থান ধরে রাখলো বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৫। এই রাউন্ডে স্প্যানিশ চ্যাম্পিয়নরা রোববার রাতে ঘরের মাঠে ওসাসুনার মুখোমুখি হবে। জয় পেলেও একটা দুঃসংবাদ পেয়েছে 'বার্সা'। বিরতির তিন মিনিট আগে বাঁ হাটুতে ব্যথা পেয়ে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছে লিওনেল মেসিকে। আগামী রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই আর্জেন্টাইন তারকা। এমনকি এক মাসের জন্যও মাঠের বাইরে থাকার আশঙ্কা রয়েছে লিগে এখন পর্যন্ত ৮ গোল করা মেসির। শনিবার এ'তোর মতো দুই গোল করেছেন জুভেন্টাসের অধিনায়ক আলেসান্দ্রো দেল পিয়েরোও। তার দুটি এবং ডেভিড ত্রেজেগের এক গোলে ইতালিয়ান সিরি 'এ'তে জুভেন্টাস ৩-২ গোলে লাৎসিওকে হারিয়েছে। লাৎসিওর দুটো গোলই গোরান পান্দেভের। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে 'জুভ' ইতালিয়ান লিগের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। রোমারও ৩২ পয়েন্ট, তবে তারা এক ম্যাচ কম খেলেছে। রোববার রোমা মুখোমুখি হবে তুরিনোর। ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের এই রাউন্ডের প্রতিপক্ষ ক্যালিয়ারি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০৭ঘ.