২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া উপদেষ্টার চোখে সুলতানের চিঠি অনভিপ্রেত ও কুরুচিপূর্ণ

বাফুফে সভাপতির সেই আলোচিত চিঠির বক্তব্য "অনভিপ্রেত ও কুরুচিপূর্ণ" মনে হয়েছে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর। গত ৯ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের বরাবরে লেখা বাফুফে সভাপতি এস এ সুলতানের চিঠিটি ফাঁস হয়ে যাওয়ায় বিতর্কের ঝড় উঠে ক্রীড়াঙ্গনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাফুফে সভাপতির সেই আলোচিত চিঠির বক্তব্য "অনভিপ্রেত ও কুরুচিপূর্ণ" মনে হয়েছে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর। গত ৯ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের বরাবরে লেখা বাফুফে সভাপতি এস এ সুলতানের চিঠিটি ফাঁস হয়ে যাওয়ায় বিতর্কের ঝড় উঠে ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার সেই চিঠির বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হয়। যেখানে ক্রীড়া উপদেষ্টার সমালোচনা ও মিডিয়াকে নিয়ে আপত্তিকর কথা লিখেছেন সুলতান। উপদেষ্টার সমালোচনার কারণ তিনি দেশের ফুটবলের বর্তমান দুরবস্থা নিয়ে কথা বলেছেন। তার সূত্র ধরে এস এ সুলতান বাগযুদ্ধে নেমে পড়েন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে। এবং সর্বশেষ ঘটনা হচ্ছে ওই বিতর্কিত চিঠি। যা দেখে শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত জুডো প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, "আমি ফুটবলের স্থবিরতা নিয়ে কথা বলেছি। ফুটবল ফেডারেশনের কর্মকান্ড তুলে ধরেছি, কাউকে ব্যাক্তিগত আক্রমণ করিনি। কিন্তু উনি (বাফুফে সভাপতি) ব্যক্তিগত আক্রমণ করেছেন আমাকে। এটা অনভিপ্রেত ও কুরুচির পরিচায়ক।" ব্যক্তিগত আক্রমণের একটি নমুনা হচ্ছে, ইটিভিকে ক্রীড়া উপদেষ্টার পারিবারিক টিভি চ্যানেল হিসেবে আখ্যা দিয়েছেন সুলতান এবং এই চ্যানেলের মাধ্যমে ফুটবল ফেডারেশন সম্বন্ধে উপদেষ্টা অযাচিত উক্তি করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। জবাবে উপদেষ্টা বলেছেন, "মিথ্যা কথা বলা হয়েছে। প্রাইভেট টিভি চ্যানেলের ব্যাপারটি একেবারে ভিত্তিহীন।" বাফুফে সভাপতির আরেকটা অভিযোগ হচ্ছে, তারা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি। এই অভিযোগ উড়িয়ে দিয়ে তপন চৌধুরী বলেছেন, "বিভিন্ন সময় বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা আমার সঙ্গে দেখা করেছেন, আমি সবাইকে সময় দিতে চেষ্টা করি। ফুটবলের প্রফেশনাল লিগ আমি উদ্বোধন করেছি। সুতরাং যে বক্তব্য দেওয়া হয়েছে তা সঠিক নয়।" সুলতান সবচেয়ে আপত্তিকর ভাষা ব্যাবহার করেছেন মিডিয়া নিয়ে। চিঠিতে তিনি লিখেছেন "বিনিময় ছাড়া মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যায় না।" যা ক্রীড়া উপদেষ্টার চোখে, "অত্যন্ত কুরুচিপূর্ণ। মিডিয়া খেলার অবস্থা তুলে ধরে, খেলাধুলাকে জনপ্রিয় করে তোলার জন্য মিডিয়ার প্রয়োজন। তাই এটা খুবই অনভিপ্রেত মন্তব্য।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০২৯ঘ.