২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএ ভুলে এখন পুরনো গঠনতন্ত্রেই নির্বাচন করতে চাইছে বাফুফে

ডিএফএ নিয়ে এত গালগল্পের পর আবার পেছনে ফিরে যাচ্ছে বাফুফে। গঠনতন্ত্র পরিবর্তন-পরিবর্ধন করেও তারা এখন পুরনো গঠনতন্ত্র (২০০৩ সালের) অনুযায়ী নির্বাচন করতে চাইছে !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডিএফএ নিয়ে এত গালগল্পের পর আবার পেছনে ফিরে যাচ্ছে বাফুফে। গঠনতন্ত্র পরিবর্তন-পরিবর্ধন করেও তারা এখন পুরনো গঠনতন্ত্র (২০০৩ সালের) অনুযায়ী নির্বাচন করতে চাইছে ! বুধবার বাফুফের সভা শেষে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "সময়ের স্বল্পতার কারণে সবগুলো ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন সম্ভব হচ্ছে না। কিন্তু ফিফার নির্দেশ অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে নির্বাচন করতে হবে বলে এবার আমরা ২০০৩ সালের গঠনতন্ত্র অনুসারে নির্বাচন করার অনুমতি চেয়ে চিঠি পাঠাবো ফিফার কাছে।" গত এপ্রিলে মেয়াদ শেষ হয়ে গেলেও বাফুফের এই কমিটিকে ফিফা আরো এক বছর মেয়াদ বাড়িয়ে দেয় যেন ওই সময়ের মধ্যে তারা নির্বাচন আয়োজন করতে পারে। সেজন্য ফিফার সঙ্গে চিঠি চালাচালি করে এবং সশরীরে গিয়ে তারা ডিএফএ নামের নতুন একটি ধারনার জন্ম দিয়েছে সংশোধিত গঠনতন্ত্রে। সরকার বিবর্জিত সেই ডিএফএ কি এখন প্রবর্তন করা যাচ্ছে না ? মালুর জবাব, "কয়েকটি জায়গায় ডিএফএ গঠিত হয়েছে কিন্তু বেশ কয়েকটি জেলা থেকে আমাদের কাছে সময় বাড়ানোর অনুরোধ এসেছে। তাছাড়া এটা নতুন একটা বিষয় বলে ওরা বুঝতেও পারছে না ঠিকমতো।" অথচ গত জুন মাস থেকে শুরু হয়েছিল ডিএফএ বিষয়ক আলোচনা, গত ৬ মাসেও কী জেলার সংগঠকদের বোঝাতে পারেনি বাফুফে? মালু বলেছেন, "আমরা সবকিছুই সময়মতো তাদের কাছে ব্যাখ্যা করেছি, কিন্তু এখন সময় চাইছে তারা।" সেই সময়ও তাদের দেওয়া হয়েছে। মালুর বক্তব্য অনুযায়ী, ডিএফএ গঠন বন্ধ হবে না, শুধু এবারের নির্বাচনটা পুরনো গঠনতন্ত্র অনুযায়ী করতে চাইছে বাফুফে। এই প্রস্তাব তারা ফিফার কাছে পাঠাবে। কিন্তু অনুমতি দেবে কিনা তা নিশ্চত করতে পারছেন না বাফুফে সভাপতি এস এ সুলতান। মঙ্গলবার তিনি বাফুফের সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ, সহকারী সম্পাদক বাদল রায়সহ অনেকের সঙ্গে আলাপ করে সভাপতি দেশের প্রেক্ষাপটে ডিএফএ গঠনে কিছু পরিবর্তন আনার সুপারিশ নিয়ে ফিফার কাছে যাবেন বলেছিলেন। কিন্তু বুধবার বাফুফে সভায় সিদ্ধান্ত হয়েছে ডিএফএ বাদ দিয়ে পুরনো গঠনতন্ত্রে ফিরে যাওয়ার। দুই সিদ্ধান্তের মধ্যে বিস্তর ফারাক থাকলেও সভাপতির চোখে, "ঠিকই তো আছে।" আসলে বাফুফে সভায় ভীষন চাপের মধ্যেই ছিলেন সভাপতি। আগের দিন সাবেকদের সঙ্গে সভা এবং প্রতিশ্র"তি দেওয়ায় সভায় সুলতান প্রশ্নবানে জর্জরিত হবেন, এটাই স্বাভাবিক। তাই প্রতিশ্র"তির কথা ভুলে গিয়ে ফিফার কাছে অন্যরকম 'আবদার' জানানোর সিদ্ধান্তে সায় দিতে হয়েছে তাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪০ঘ.