ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মাঠের খেলা অনিয়মিত হলেও কথার খেলায় এস এ সুলতান বেশ পারঙ্গম এবং নিয়মিত। বাফুফে সভাপতির গত শনিবারের বক্তব্যের প্রেক্ষিতে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, "ক্রীড়া পরিষদ উদ্যোগে জেলা পর্যায়ে ফুটবল না হলে তো ফুটবলাররা না খেয়ে মরতো।"
গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা ফুটবলের বর্তমান দুরাবস্থার কথা তুলে ধরে বাফুফে কর্তাদের কর্মকান্ডের ব্যাপক সমালোচনা করেন। সেটা শুনেই উপদেষ্টাকে প্রতিপক্ষ বানিয়ে শনিবার থেকে বাকযুদ্ধে নেমে পড়েন বাফুফে সভাপতি এস এ সুলতান। এবং ক্রীড়া উপদেষ্টার বাফুফে নিয়ে কথা বলার এখতিয়ার আছে কিনা, এই প্রশ্নও তুলেছেন।
তার জবাবে রোববার ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী চ্যানেল আই'কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "আমার এখতিয়ার আছে কিনা সেটা আমি জানি এবং দেশবাসীও জানে।" এছাড়া ফুটবলের বর্তমান দুরাবস্থার কথা তুলে ধরছেন তিনি এভাবে, "ক্রীড়া পরিষদের উদ্যোগে জেলা পর্যায়ে ফুটবল না হলে তো ফুটবলাররা না খেয়ে মরতো।"
এটা শুনে আবার সরব হয়ে উঠেছেন এস এ সুলতান। রোববার সন্ধ্যায় ফুটবল ফেডারেশনে তিনি বলেছেন, "এদেশের ফুটবলাররা কখনো না খেয়ে মরেনি।" এটা বলেই আবার এনএসসি'র উদ্যোগের কারণে ফুটবলারদের উপকৃত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন, "তবে এনএসসি জেলা পর্যায়ে খেলা শুরু করায় ফুটবলাররা উপকৃত হয়েছে।"
খেলাধুলা নিয়মিতকরণের ব্যাপারে তার তেমন আগ্রহ না থাকলেও বাকযুদ্ধে বাফুফে সভাপতির ভীষণ আগ্রহ। তাদের আমলে দেশের ফুটবল একেবারে খাদের কিনারায় গিয়ে ঠেকছে, এটা তিনি মানতে নারাজ। এবং মেয়াদোত্তীর্ণ হয়েও বাফুফের পদ ছাড়তে অনাগ্রহী। এখন তিনি এবং তার কমিটি ব্যস্ত ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন নিয়ে। যেখানে সরকারের কোনো প্রতিনিধি রাখতে চান না তারা। "আমরা ফিফা-এএফসি'র অনুমোদন ও পরামর্শ নিয়েই চলি। প্রয়োজনে তারা (সরাকার) প্রতিনিধি পাঠিয়ে ফিফার সঙ্গে কথা বলুক"--বলেছেন সুলতান।
বিডিনিউজ টুয়েনন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.
bdnews24