২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল, ম্যানইউ ও চেলসির জয়, অঘটনের শিকার লিভারপুল

দুর্দম্য গতিতেই এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে তারা। সুবাদেই দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ও ভিলারিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান আরো সংহত করেছে বার্নড শুস্টারের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 08:02 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

মাদ্রিদ/রোম/লন্ডন, ৯ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুর্দম্য গতিতেই এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে তারা। সুবাদেই দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ও ভিলারিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান আরো সংহত করেছে বার্নড শুস্টারের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে আর্সেনালের ঘাড়ের ওপর শ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। শনিবারের ম্যাচে ডার্বি কান্টিকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাটেড। চেলসি ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। দিনের সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছে রিডিং। লিভারপুলের অপরাজিত থাকার ধারায় ছেদ টেনেছে তারা ৩-১ গোলের জয় দিয়ে। ইতালিয়ান সিরি-এতে লাৎসিও ২-০ গোলে হারিয়েছে ক্যাটানিয়াকে। অন্য ম্যাচে ফিউরেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ৭ম স্থানে উঠে এসেছে পালেরমো। বার্নাব্যুর ম্যাচে রিয়ালের পক্ষে জয়সূচক গোলটি এসেছে রুদ ফন নিস্টলরয়র পা থেকে। এটি ছিল এই ডাচ স্ট্রাইকারের এ মৌসুমে ৭ম গোল। এই জয়ে ১৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৫। দিনের অন্য ম্যাচে ওসাসুনার সঙ্গে গোলশুন্য ড্র করেছে ভ্যালেন্সিয়া। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আগে তারা। রোমে ক্যাটানিয়ার বিপক্ষে ম্যাচে লাৎসিওর গোল দুটি করেছেন টমাস রোচ্চি ও গোরান পান্ডেভ। ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১২তম স্থানে আছে তারা। ২৪ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে থাকা ফিউরেন্টিনা আলবার্তো ফন্টানার গোলে পিছিয়ে পড়েছিল। পালেরমোর পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন তাদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার সিম্পলিসিও। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে শততম লিগ গোলটি করেছেন রায়ান গিগস। এছাড়া কার্লোস তেভেজ দুটি এবং পেনাল্টি থেকে একগি গোল করেছেন ক্রিস্টিয়ান রোনালদো। সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসির হয়ে গোল করেছেন আন্দ্রেই শেভচেঙ্কো ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ১৬ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেড এখন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৪। শীর্ষে থাকা আর্সেনাল ১৫ ম্যাচ খেলে পেয়েছে ৩৭ পয়েন্ট। অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পোর্টসমাউথ। ইয়াকুবু আইয়েগবেনির হ্যাটট্রিকে এভারটন ৩-০ গোলে হারিয়েছে ফুলহামকে। দিনের অন্য ম্যাচে বার্মিংহাম সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪০০ঘ.