ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেই ভালবাসার ফুটবল এখন কাঁটা হয়ে বিঁেধ আছে তার গলায়। ক্রীড়া উপদেষ্টা না পারছেন গিলতে, না পারছেন ছুঁড়ে ফেলতে। পারছেন না অন্যান্য মন্ত্রণালয়ের মতো ক্রীড়াকে গুরুত্ব দিতেও। তাই তার ভরসা এখন জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদ। "এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) চেয়ারম্যানের সঙ্গে আমার ফুটবল নিয়ে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, ফুটবলের ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেবেন তিনি"-- ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী গতকাল এভাবেই বলেছেন সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে।
গত এপ্রিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও তারা আরো এক বছর থাকার বৈধতা নিয়ে এসে ফিফা থেকে। সঙ্গে নির্বাচন অনুষ্ঠানেরও পরামর্শ ছিল। কিন্তু ৭ মাস চলে গেলেও এখনো নির্বাচন নিয়ে আলো-আধাঁরি খেলায় মত্ত এই মেয়াদোত্তীর্ণ কমিটি।
এখন জলঘোলা করা হচ্ছে ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠন নিয়ে। ডিএফএ'র যে গঠনতন্ত্রের কথা বাফুফে বলছে তাতে ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর আপত্তি হচ্ছে, "যেভাবে ডিএফএ গঠনের কথা বলা হচ্ছে তা মোটেও ফুটবলের উপকারে আসবে না। বাস্তবতা হচ্ছে জেলা শহরে স্থানীয় প্রশাসন ও সরকারী কর্মকর্তাদের হস্তক্ষেপ ছাড়া মাঠে খেলা গড়ানো কঠিন।" বাফুফে চাইছে ফিফার পরামর্শ মেনে সরকার বিযুক্ত ডিএফএ গঠন করতে।
অনেকের সন্দেহ সরকার সম্পর্কে ফিফার কাছে নেতিবাচক ধারনা দিয়েছেন ফুটবল কর্তারা। আর নিজেদের সুবিধা মতো ফিফা-এএফসির দোহাই দিচ্ছেন দেশে। সরকারপক্ষও নিষেধাজ্ঞার ভয়ে হস্তক্ষেপ করছে না। কিন্তু ক্রীড়া উপদেষ্টা যেন একটু কঠোর হতে চাইছেন, "আসলে ফিফা-এএফসি তো আমাদের অবস্থার কথা জানে না। তারা জেলা পর্যায়ে গিয়ে দেখে আসাতে পারে ফুটবল কী অবস্থায় আছে। তাছাড়া ফিফা-এএফসির সঙ্গে যোগাযোগটা হচ্ছে শুধু বাফুফের। এখন আমাদের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় দেখছি না।"
ক্রীড়া উপদেষ্টা হিসেবে তার ব্যর্থতার একটি জায়গা এই ফুটবল ফেডারেশন। অন্যান্য ফেডারেশনে পরিবর্তন এনে সচল করা গেলেও ফুটবলের স্বার্থে কিছুই করতে পারছেন না। আগে ব্যর্থ সংগঠকদের সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তাতে সাবেক বাফুফে সম্পাদক আনোয়ারুল হক হেলাল সাড়া দিলেও অন্যরা পদ আকঁড়ে বসে আছেন। তাই উপদেষ্টা আবারো বলেছেন, "আমাদের কোনো পছন্দের সম্পাদক নেই, সভাপতি নেই, নেই কোনো কমিটিও। ফুটবলের স্বার্থটাই দেখা উচিত সবার।"
তাবে ফুটবলের স্বার্থটা এখন বেশি নির্ভর করছে জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের ওপর। তার ওপরই যে ভরসা করে আছেন ক্রীড়া উপদেষ্টা!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.
bdnews24