ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার ঘোষণা করা হয়েছে। ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকে ৮ জন ক্রীড়াবিদ ও ২ জন সংগঠকের নাম ঘোষণা করেছেন। সাধারণত সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুরষ্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়ে থাকে। এবার ক্রীড়া উপদেষ্টা এই রীতির বাইরে গিয়ে সংবাদ সম্মেলন করে ঘোষণা করলেন কীর্তিমানদের নাম।
পুরষ্কার ঘোষণার রীতিতে পরিবর্তন আনলেও বাছাই করা হয়েছে সেই পুরনো রীতিতেই-খেলোয়াড়দের আবেদনের ভিত্তিতে। এই রীতিকে লজ্জাকর ও হাস্যকর বানিয়ে দিয়েছে ১৯ বছর বয়সী এক ফুটবলার জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন করে। দাপটের সঙ্গে আন্তঃস্কুল খেলেই গেন্ডারিয়ার এই ফুটবলার নিজেকে পুরস্কারের যোগ্য মনে করেছেন ! যা দেখে বিস্মিত হয়েছেন ২৩ সদস্যের যাচাই-বাছাই কমিটি। এবং কমিটির অনেকেই এই রীতির প্রতিবাদও করেছিলেন।
সেজন্যই ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর আগাম ঘোষণা, "আগামীবার থেকে আর আবেদনপত্র চাওয়া হবে না। কারণ আবেদন করে পুরস্কার নেওয়ার ক্ষেত্রে অনেকের আপত্তি থাকে। আমরা একটা নীতিমালা করে যাওয়ার চেষ্টা করছি।" আর এবারের মনোনীতদের নিয়ে উপদেষ্টার ব্যাখ্যা, "প্রবীনদের প্রাধান্য দেওয়া হয়েছে এবার। মাঠে অনেক কৃতিত্বের পরও যারা এতদিন পুরস্কার পাননি তাদেরকেই মনোনীত করা হয়েছে।"
পুরস্কারের জন্য মনোনীতরা হলেন : শর্মিলা রায় (অ্যাথলেটিকস), রনজিৎ দাস (ফুটবল), আমির হোসেন পাটোয়ারী (কাবাডি), লে. কমান্ডার (অব.) এম আরশাদ (সাঁতার), আমিনুল ইসলাম (জুডো), নুরুল ইসলাম (হকি), প্রকৌশলী শেখ আবুল হাশেম (ব্যাডমিন্টন), প্রফেসর ডা. রশীদ উদ্দিন আহমেদ (বাস্কেটবল), মরহুম আতাউল হক মল্লিক (সংগঠক) ও কাজী আনিসুর রহমান (সংগঠক)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮৩৫ঘ.
bdnews24