ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সিরিজে সমতা ফিরিয়ে এনেছে আবাহনী। সমতা বললে কম বলা হয়, কারণ মোহামেডানের টাইব্রেকার জয়ের বিপরীতে আবাহনী জিতেছে নির্ধারিত সময়েই, ২-১ গোলে।
টেলিটক সিরিজের প্রথম ম্যাচে টাইব্রেকারে জয়ী মোহামেডান যেন খেলে গোল করতেই ভুলে গেছে। সিরিজের আগে সিলেট ও টাঙ্গাইলের সঙ্গে গোলশূন্য ড্র করা মোহামেডান এরপর আর (পেনাল্টি ছাড়া) কোনো গোল করতে পারেনি। আবাহনীর বিপক্ষে দুর্দান্ত শুরু করে, গোলের সুযোগ তৈরি করেও তারা গোল করতে পারেনি আগের ম্যাচে। বুধবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে পারেনি, সাদা-কালোদের একমাত্র গোলটি হয়েছে পেনাল্টি থেকে, করেছেন জমরাতুল ইসলাম মিঠু। পেনাল্টি পেয়েছিল আরেকটি। সেটা আবার নষ্ট হয়েছে। তার মানে মোহামেডানের গোলভাগ্য এখন এমন যে পেনাল্টি থেকেও বল জালে যেতে চাচ্ছে না!
অথচ কী চমৎকার শুরু তাদের! একের পর একের আক্রমন করেই ১১ মিনিটে মোহামেডান পেনাল্টি আদায় করে নেয়। আবাহনীর বিপদ সীমায় আবুল হোসেন ফাউল করে বসেন মোহামেডানের কামালকে। কিন্তু আবাহনীর গোলরক্ষক বিপ্লব অসাধারন দক্ষতায় আরমান আজিজের ওই পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়ে ম্যাচে ধরে রাখেন নীল-আকাশীদের।
জীবন পাওয়া এই আবাহনীই শেষপর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে ! অথচ সেরকম কোনো আক্রমণও করতে পারেনি, অন্তত মোহামেডানের আক্রমণের তুলনায়। তারপরও অসাধ্য সাধন করেছেন আবুল ও মতিউর মুন্না। ৩৩ মিনিটে মোহামেডানের ডিবক্সের ওপরে ডানদিক থেকে মতিউর মুন্না দুর্দান্ত এক ফ্রিকিক নিলেন। ঠিক যেন সুতা দিয়ে মাপা, একেবারে আবুলের হোসেনের মাথায়। তার হেডেই খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আবাহনী। তখনও অবশ্য মোহামেডান জেতার মনোবল হারায়নি, এক গোল শোধ করে যে কোনো সময় ম্যাচে ফিরে আসা যায়। সেই সম্ভাবনাটুকুও নষ্ট করে দিলেন মতিউর মুন্না, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই। ৪৭ মিনিটে বাঁদিক থেকে রবিনের ক্রসটি আয়ত্তে নিয়ে এই মিডফিল্ডার মোহামেডান গোলরক্ষক আমিনুলকে বোকা বানিয়েছেন। এবং প্রথমবারের মতো এই সিরিজে নীল-আকাশী জার্সি গায়ে দিয়ে মুন্না আবাহনীর জয় নিশ্চিত করেছেন।
দু গোলে এগিয়ে যাওয়া আবাহনী আর ওপরে ওঠে আক্রমনের দিকেই ঝুঁকেনি। মাঝমাঠ থেকেই সবাই রক্ষণে ব্যস্ত হয়ে পড়েছেন ! তারপরও দুর্বল ডিফেন্স দিশেহারা হয়ে পড়ে বেশ কবার। ২০ ও ২৪ মিনিটে ক্যামেরুনের চার্লস ফিগো দুরন্ত গতিতে ঢুকে পড়েছিলেন, যদিও পেরে ওঠেননি বিপ্লবের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত গোলমুখ বন্ধ রাখতে পারেননি। উগান্ডার আনকোরা ডিফেন্ডার ডমিনিক মোহামেডানের রনিকে ফাউল করে আরেকটি পেনাল্টি উপহার দেয় সাদাকালোদের। ২৮ মিনিটে জুমরাতুল ইসালম মিঠু পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছেন।
এই পেনাল্টি ঠেকাতে না পারলেও সিরিজের দ্বিতীয় ম্যাচের মূল নায়ক আবাহনীর গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। তার দেওয়া লাইফ-লাইন কাজে লাগিয়ে ম্যাচ জিতিয়েছেন আবুল ও মতিউর মুন্না। এই ত্রয়ীর সুবাদে জমে গেলো টেলিটক সিরিজ। প্রথম দুই ম্যাচের ৮/১০ হাজার দর্শক সংখ্যাটা সিরিজ নির্ধারনী ম্যাচে গিয়ে নিশ্চয়ই আরো বড় হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১৫ঘ.
bdnews24