২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতার ম্যাচে জয় মোহামেডানের, কলঙ্কও মোহামেডানের

মানবতার স্বার্থে আয়োজিত ফূটবলে মানবতা উপেক্ষিত! ছিল বাকি সবই, আবাহনী- মোহামেডান লড়াইয়ের আবেগ-উত্তেজনা, ঝগড়া, এমনকি লালকার্ডও। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু পারস্পরিক বৈরীতা যখন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় চারদিকে ধুয়ো ধ্বনি ওঠে। সেরকমই এক কান্ড করে মাঠ ছেড়ে যেতে চেয়েছিল ঢাকা মোহামেডান যা তাৎক্ষনিকভাবে সবাইকে সমালোচনা মুখর করে তোলে। মানবতার ম্যাচে ঐতিহ্যবাহী দলের এমন আচরন বিস্ময়করই! কর্মকর্তাদের হস্তক্ষেপে আধঘন্টা পর মাঠে ফিরে সেই মোহামেডান সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়েছে আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মানবতার স্বার্থে আয়োজিত ফূটবলে মানবতা উপেক্ষিত! ছিল বাকি সবই, আবাহনী- মোহামেডান লড়াইয়ের আবেগ-উত্তেজনা, ঝগড়া, এমনকি লালকার্ডও। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু পারস্পরিক বৈরীতা যখন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় চারদিকে ধুয়ো ধ্বনি ওঠে। সেরকমই এক কান্ড করে মাঠ ছেড়ে যেতে চেয়েছিল ঢাকা মোহামেডান যা তাৎক্ষনিকভাবে সবাইকে সমালোচনা মুখর করে তোলে। মানবতার ম্যাচে ঐতিহ্যবাহী দলের এমন আচরন বিস্ময়করই! কর্মকর্তাদের হস্তক্ষেপে আধঘন্টা পর মাঠে ফিরে সেই মোহামেডান সাডেন ডেথে ৫-৪ গোলে হারিয়েছে আবাহনীকে। দুর্গতদের সাহায্যার্থে এই টেলিটক ফুটবল সিরিজ। প্রথমবারের মতো পরস্পরের মধ্যে তিনটা ম্যাচ খেলবে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। প্রদর্শনী ফুটবলের মোড়কে হলেও সোমবার উত্তেজক ফুটবলের যাবতীয় আচার ও অনাচারের যুগপৎ প্রদর্শনী দেখেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত প্রায় হাজার দশেক দর্শক। নির্ধারিত ৯০ মিনিটের খেলা বিচার করলে অবশ্যই উপভোগ্য এই ম্যাচ। তুলনা করলে মোহামেডানই এগিয়ে থাকে। তাদের নতুন বিদেশী চার্লস ফিগো যেন ফুটবল তারকা লুই ফিগোর রূপ নিয়ে হাজির হয়েছিলেন আবাহনী ডিফেন্সে। ক্যামরুনর এই চার্লস অবশ্য ঢাকায় নতুন নয়, আগে ছোটখাটো দলে খেললেও তার এমন কোনো ক্যারিশমার কথা জানা যায়নি। এই ম্যাচেও হয়তো ওরকম ভাবমূর্তিই থাকতো। কিন্তু ভাবমূর্তি উ্জ্জ্বল করার দায়িত্ব নিয়েছেন আবাহনীতে আসা নতুন এক বিশালদেহী আফ্রিকান। নাম ডমিনিক, বাড়ি-ঘরের বিষয়টি নাকি আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপুরও অজানা ! বোধহয় খেলার মানও। এই ডিফেন্ডারের শরীরের সঙ্গে শটের গতি মেলে না, এরকম দুর্বল শট বেশ কয়েকবারই প্রতিপক্ষের পায়ে পড়ে বিপদের সম্ভাবনা জাগিয়েছে। আর হেড তো বরাবরই দিকভ্রান্ত, আবাহনীর গোলমুখী। আর তারই কিনা দায়িত্ব ফিগোকে পাহারা দেয়া! এরকম এক ডিফেন্ডার যখন চার্লস ফিগোর পাহারায় থাকে তখন বিপদ অবশ্যম্ভাবী। ৭৯ মিনিটে হাসান আল মামুনের থ্রু-পাস আয়ত্তে নিয়ে ফিগো দৌঁড়াতে শুরু করলে পাশে থাকা ডমিনিক হোঁচট খেয়ে পড়ে যান। ফল ফিগোর সামনে আবাহনীর হা হয়ে যাওয়া গোলমুখ, যদিও তার শট অবিশ্বাস্যভাবে পা দিয়ে ঠেকিয়ে দিয়েছেন আবাহনী গোলরক্ষক বিপ্লব। এর আগে ৩০ মিনিটে বাইরে মেরে আরেকটি দারুন সুযোগ নষ্ট করেছেন মোহামেডানের এই স্ট্রাইকার। শুধু ফিগো নয়, মোহামেডানের স্বদেশী স্ট্রাইকার ফরহাদ-রনিও সুযোগ নষ্ট করেছেন সম্পূর্ণ নিজেদের ব্যর্থতায়। কারণ আবাহনীর ডিফেন্স একেবারে কানা। নিয়মিত ডিফেন্ডারের মধ্যে কেবল নজরুল খেলেছেন, বাকিরা ইনজুরিতে পড়ে মাঠের বাইরে দর্শক। যেকারণে প্রাণতোষ ও জয় মাঝমাঠ বাদ দিয়ে বারবার নিচে নেমে এসেছেন ডিফেন্স সামলাতে। মাঝমাঠ থেকে খেলা তৈরি করা হয়নি বলে অনেকটা এলোমেলোই ছিল তারা। এর মধ্যে কয়েকটা আক্রমণ হয়েছে, কিন্তু মোহামেডানের মতো অতো ভাল সুযোগ তৈরি করতে পারেনি। ৫৩ মিনিটে একটা দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছিল সাইফুর রহমান মনির ফ্রিকিক থেকে, তাতে প্রথম আবাহনীর জার্সি পড়া মতিউর মুন্নার হেড একটু এদিকে-ওদিক হলেই গোল হয়ে যায়। কিন্তু সোজা আমিনুলের হাতে চলে গেলে মোহামেডান বেঁচে যায়। তার চেয়েও বড় বাঁচা বেঁচে গেছে আবাহনী। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ওই ফিগোর শট গোললাইন থেকে কোনোরকমে ঠেকিয়ে দেন আবাহনীর ডিফেন্ডার মিন্টু। যা নিয়েই পরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ম্যাচ। রেফারি গোলের বাঁশি না বাজিয়ে খেলা চালিয়ে নিতে গেলে মোহামেডান বাধা দেয়। তাদের দাবি বল গোল-লাইন অতিক্রম করেছে। এবং এ নিয়ে আবাহনী অধিনায়ক আরিফ খান জয় ও মোহামেডানের অতিথি খেলোয়াড় হাসান আল মামুনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এই উত্তেজনা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই রেফারি লালকার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন দুজনকে। তারপর অতিরিক্ত সময়ের খেলা হলেও টাইব্রেকারে গিয়ে নতুন নাটক শুরু করে মোহামেডান। তারা আর মাঠে ফিরবে না, টাইব্রেকারে অংশ নেবে না। অজুহাত গোল দেওয়া হয়নি। এক পর্যায়ে তারা ড্রেসিং রুমের দিকে রওনা দিয়ে সবাইকে বিস্মিত করে দেয়। কিন্তু মোহামেডানের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ ও রুম্মন বিন ওয়ালি সাব্বির দ্রুত মাঠে নেমে এসে খেলোয়াড়দের বুঝিয়ে মাঠে ফেরত পাঠান। ততক্ষনে তাদের কোচ শফিকুল ইসলাম মানিক নতুন নাটক শুরু করেন ড্রেসিং রুমের দিকে রওনা দিয়ে। সেটাও ঠেকানো হয়। তারপর শুরু হয় আবাহনীর নাটক। তারাও না খেলার গোঁ ধরে থাকে কিছুক্ষণ। দুপক্ষের এই নিন্দনীয় নাটক শেষে টাইব্রেকার শুরু হয় এবং নির্ধারিত ৫ টি করে শটে ৪-৪ গোলের সমতা বজায় থাকে। তারপর সাডেন ডেথে আবদুল্লাহ পারভেজের শট ঠেকিয়ে দিয়ে আমিনুল জিতিয়ে দিয়েছেন মোহামেডানকে। মুক্তিযোদ্ধা থেকে আসা এই অতিথি খেলোয়াড় আবাহনীর মনির শটও ঠেকিয়েছেন টাইব্রেকারে। মোহামেডানের পক্ষে প্রথম শটটিই আরিফুল ইসলাম বার উঁচিয়ে মেরেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.