ঢাকা, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রত্যাশামতো কাকাই পেলেন ব্যালন ডি'অর খেতাব। ইউরোপে ক্লাব ফুটবল খেলা খেলোয়াড়দের মধ্যে শ্রেষ্ঠতমকে এই পুরষ্কারটি দেয় ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন এবং এবার তারা নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন এনে সারা বিশ্বের সাংবাদিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাতে এটা ইউরোপ ছাড়িয়ে বৈশ্বিক শ্রেষ্ঠত্বেরই একটা স্বীকৃতি। পুরষ্কারপ্রাপ্তদের তালিকায়ও অ-ইউরোপীয়দেরই আধিক্য। কাকা হয়েছেন প্রথম, দ্বিতীয় স্থানটা পর্তুগালের ক্রিশ্চিয়ান রোনালদো পেলেও তৃতীয় স্থানটা আর্জেন্টাইন লিওনেল মেসির। কাকা জিতেছেন বিপুল ব্যবধানে, বিশ্বের ৯৬ জন প্রখ্যাত ফুটবল সাংবাদিকদের ভোটাভুটিতে তিনি পেয়েছেন ৪৪৪ পয়েন্ট। দ্বিতীয় হওয়া রোনালদোর পয়েন্ট ২৭২ আর মেসি পেয়েছেন ২৫৫ পয়েন্ট।
পুরষ্কারটা দেয়া হয়েছে মূলত ২০০৬-২০০৭ ফুটবল মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে। আর তাই কাকার পুরষ্কারপ্রাপ্তি নিয়ে সন্দেহ ছিল না কোনো, কারণ গত মৌসুমে তিনি তার ক্লাব দল এসি মিলানের হয়ে খেলেছেন অসাধারণ ফুটবল। দলকে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, নিজে করেছেন ১০ গোল। কাকা পুরষ্কার পেয়ে তাই সবার আগে কৃতজ্ঞতা জানিয়েছেন তার টিমমেটদের প্রতি,''এই পুরষ্কার আপনি তখনই জিতবেন যখন আপনার পাশে থাকবে এক দল লড়াকু সতীর্থ। আমি তাই আমার ক্লাব সতীর্থদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে চাই আমার আমার কোচ এবং ব্রাজিল দলে আমার সতীর্থদরে। পুরো ক্যারিয়ারে আমাকে যারা সহযোগিতা করেছিল তাদের সবাইকেও ধন্যবাদ।''
কাকা তার সাফল্যের স্বীকৃতি হিসাবে ইতিমধ্যেই জিতেছেন ফিপ্রো বর্ষসেরার এবং ইউরোপিয়ান ক্লাব ফুটবলার অব দ্য ইয়ারের পুরষ্কার। ফুটবলারদের সেরা ব্যক্তিগত পুরষ্কার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার হিসাবেও তিনি সবচেয়ে ফেভারিট। এ মাসের শেষদিকেই ঘোষিত হবে এই পুরষ্কার বিজয়ীর নাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২০০০ঘ.
bdnews24