ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্গতদের পাশে ফুটবল। আরো স্পষ্ট করে বললে ঢাকা আবাহনী ও মোহামেডান সোমবার পরস্পরের মুখোমুখি হচ্ছে। যেখানে খেলার চেয়েও বড় হয়ে উঠেছে মানবতা। আর টিকেট বিক্রির অর্থ যখন মানবতার সহায় তখন তুমুল প্রতিদ্বন্দ্বিতা কিংবা দুই পরাশক্তির চিরচেনা দ্বৈরথের কোনো বিকল্প নেই। দুপক্ষই তিন ম্যাচের টেলিটক সিরিজের আগে সেরকম জমজমাট ফুটবলের প্রতিশ্র"তি দিয়ে গেছে রোববারের সংবাদ সম্মেলনে।
প্রতিশ্র"তি মিলিয়ে নিতে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির হতে হবে ফুটবল পিপাসুদের। বেলা সাড়ে ৪টায় শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। সম্পূর্ণ নতুন এক ধারনা এই ফুটবল সিরিজ, যা আবাহনী অধিনায়ক আরিফ চোখে এরকম, "আবাহনী-মোহামেডান যুগ যুগ ধরে খেলে আসছে। এবারের খেলায় উপকৃত হবে মানবতা। আবার সরকারের হাতে শুধু টাকা তুলে দেওয়ায় উদ্দেশ্য নয়, ফুটবল মাঠের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনারও একটা মিশন। এই তিনটা ম্যাচ দিয়েই আমরা শুরু করি না!" মানে এ এক বহুরূপী সিরিজ যা মানবতা, প্রতিদ্বন্দ্বিতা আর ঢাকা মাঠের ঐতিহ্যের জয়গান করবে বলে খেলোয়াড়-কর্মকর্তাদের বিশ্বাস।
এজন্য প্রয়োজনীয় মশলাও হাতের কাছে পেয়ে গেছে ঢাকা মোহামেডান। দলের কোচ শফিকুল ইসলাম মানিক স্পষ্ট করেই বলে দিয়েছেন, "বছরের সেরা দল বি. লিগ চ্যাম্পিয়ন আবাহনী। তাদের সঙ্গে খেলার মজা আছে, মাঠে কাজ করে অন্যরকম উত্তেজনা। এই সিরিজের মাধ্যমে চ্যাম্পিয়ন দলের শ্রেষ্ঠত্বে ভাগ বসানো গেলে খারাপ হয়না।" বি. লিগের শিরোপা আবাহনীর ঘরে ওঠলেও তাদের চেয়ে যে মোহামেডান কোনো অংশে কম নয়, সেটা প্রমাণ করার দায় অনুভব করছে সাদা-কালো শিবির।
সেজন্য বি. লিগের তরুন মোহামেডানে এবার যোগ হচ্ছে অভিজ্ঞতাও। ধারে নিয়েছে মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুল, হাসান আল মামুন, আলফাজ, আরমান আজিজ ও ব্রাদার্সের জুয়েল রানাকে। তাদের মধ্যে অবশ্য ৪ জনকে এই সিরিজের জন্য নিবন্ধন করানো যাবে। আর বিদেশী আছেন দুজন, বেঞ্জামিন ও চার্লস ফিগো। এর যোগফল অবশ্য চোখে পড়ছে না। সিলেট ও টাঙ্গাইলে স্বাগতিকদের বিপক্ষে দুটো প্রদর্শনী ম্যাচে তারা গোলের দেখাই পায়নি, গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ দুটি। এটাকে অনুশীলনের অভাব হিসেবেই ব্যাখ্যা করছেন মোহামেডান কোচ মানিক, "আমাদের প্রস্তুতি ভাল হয়নি। ফ্রেন্ডশিপ কাপ স্থগিত হয়ে যাওয়ায় আমাদের অনুশীলনও বন্ধ করে দেওয়া হয়েছিল। অনুশীলন চালিয়ে নেওয়া গেলে হয়তো এখন দলের অবস্থা বেশ ভাল থাকতো।"
আবাহনী অবশ্য চারজন অতিথি ফুটবলারের কোটাও পূরণ করতে পারেনি। দলে টেনেছে মুক্তিযোদ্ধার সাইফুর রহমান মনি ও মতিউর মুন্না এবং রহমতগঞ্জের ডিফেন্ডার সানিকে। বিদেশী বলতে ডমিনিক একা। তবে ইনজুরিক্রান্ত ডিফেন্ডার সিরাজী ও মিডফিল্ডার উজ্জ্বলকে হারিয়ে বড় ক্ষতি হয়ে গেছে নীল-আকাশীদের। তারপরও প্রস্তুতির দিক থেকে মানিক প্রতিপক্ষ আবাহনীকে এগিয়ে রাখতে চান। কারণ তারা ভারতে গিয়ে বরদুলুই ট্রফি খেলে এসেছে, অনুশীলনের মধ্যেই ছিল। যদিও তাতে প্রবল আপত্তি আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর। অনুশীনে ৮ দিনের বিরতির প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "বরদুলুই ট্রফি খেলে আসার পর সবাই বিশ্রামে গিয়েছিল। আবার এই সিরিজ উপলক্ষে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনুশীলন। মাঝে যে ৮দিনের বিরতি হয়েছে তা অনেকখানি নেতিবাচক প্রভাব ফেলতে পারে মাঠে।"
খেলার আগে যে ইতিবাচক দিকগুলো নিয়েই ভাবতে হয় সেটাও ভুলে গেছেন রূপু ! হয়তো-বা ইতিবাচকই ভাবেন কিন্তু প্রতিপক্ষ কোচ বলেছেন বলেই প্রতিবাদ করেছেন। রূপুর যেন সন্দেহ হচ্ছে আবাহনীকে ফুলিয়ে-ফাঁপিয়ে দিয়ে মানিকের ম্যাচ জেতার ষড়যন্ত্র ! এমনই তাদের বৈরিতা, একপক্ষ ভাল কিছু বললেও অন্যপক্ষ তাতে ষড়যন্ত্র খুঁজে নেয়। একদল যে নিয়মে সায় দেয় অন্যরা তাতে আপত্তি তুলেন। সংবাদ সম্মেলনেও মানিক-রূপুর এরকম এক পশলা বিতর্ক বুঝিয়ে দিয়েছে এই ফুটবল সিরিজ শুধু মানবাতার স্বার্থে নয়।
ভালভাবেই জড়িয়ে গেছে আবাহনী-মোহামেডানের চিরন্তন বৈরিতা, যা ঢাকা মাঠের ফুটবল ঐতিহ্য মেরামতেরও একটা ওষুধ হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪০ঘ.
bdnews24