ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টাঙ্গাইলেও ড্র করেছে ঢাকা মোহামেডান। আগের দিন সিলেটে স্বাগতিকদের সঙ্গে ড্র করার পর শনিবার তারা টাঙ্গাইল জেলা দলের সঙ্গেও গোলশূন্য ড্র করেছে। ঘুর্ণিঝড় দুর্গতদের সাহায্যার্থে এটা ছিল ঢাকা মোহমেডানের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
আগের ম্যাচের মতো শনিবারও যথারীতি দেরীতেই টাঙ্গাইল পৌঁছায় ঢাকা মোহামেডান। সময় স্বল্পতার কারণে ৯০ মিনিটের ম্যাচ হতে পারেনি, হয়েছে ৬৫ মিনিটের। আর তাতে মুক্তিযোদ্ধার তিন তারকা আমিনুল, আলফাজ ও আরমান আজিজকে দলে টেনেও মোহামেডান পেরে ওঠেনি টাঙ্গাইল জেলা দলের সঙ্গে। মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিকের দাবি, "গোল করতে না পারলেও খেলা ভাল হয়েছে। দু-তিনটা সুযোগ পেয়েও আমরা গোল করতে পারিনি।"
মানিকের কথা অনুযায়ী টাঙ্গাইলও একটা ভাল সুযোগ পেয়েছিল। বি. লিগের ফুটবলার আলী, গোবিন্দ, সাইফুল, কবীর খেলেছেন টাঙ্গাইল দলের পক্ষে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৪৩ঘ.
bdnews24