ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--"মানুষ মানুষের জন্য"- এই স্লোগান নিয়ে ঘূর্নি-দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা আয়োজন করছে আবাহনী-মোহামেডানের মধ্যকার তিনটি প্রদর্শনী ফুটবল ম্যাচ, সেখান থেকে সংগৃহীত অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।
বাংলাদেশের এই দুটি জনপ্রিয় দল আগামী ৩, ৫ ও ৭ ডিসেম্বর পরস্পরের মুখোমুখি হবে। "আমাদের এই চেষ্টা যদি দুর্গত মানুষের এতটুকু সহায় হয় তাহলেই আমরা খুশি হবো"--সংবাদ সম্মেলনে বলেছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু। বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা আবাহনী ও মোহামেডানের সমর্থকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
দর্শক উপভোগের জন্য সব উত্তেজক-মশলাই তিন ম্যাচের এই সিরিজে পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন আবাহনী পরিচালক কাজী নাবিল আহমেদ। ফুটবল সিরিজের এই কো-চেয়ারম্যান জানিয়েছেন, "যদিও একটা মহৎ কাজের জন্যই এই ফুটবল সিরিজ তারপরও তিনটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। খেলা দেখে দর্শকরাও আনন্দ পাবে আশাকরি।" আরেক কো-চেয়ারম্যান মোহামেডান সেক্রেটারি লোকমান হোসেন ভূঁইয়াও বলেছেন একই কথা, "চিরপ্রতীদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হলে সবসময় একই আমেজ পাওয়া যাবে।"
টিকেট বিক্রির জন্য শহরে বাফুফে ২১টি বুথ খুলবে। প্রতি ম্যাচের জন্য গ্যালারি ৩০ টাকা, ভিআইপি ১০০ টাকা মূল্যে টিকেট পাওয়া যাবে। তিন ম্যাচের সিরিজের গ্যালারি টিকেট একসঙ্গে কিনলে ৭৫ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24