ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ফুটবলের দলবদলে আগের সেই জমজমাট আবহ না থাকলেও এক বছর বিরতির পর সিনিয়র ডিভিশনের দলবদলে ফুটবলাররা বেশ আগ্রহী। মঙ্গলবার প্রথম দিনেই দলবদলের টোকেন তুলেছেন ৭৬ জন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে দলবদল শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকে খেলোয়াড়রা ভীড় জমায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগ কমিটির অফিসে। ঢাকা মেট্রোপলিশ ফুটবল লিগ কমিটি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ফুটবলাররাই সিনিয়র ডিভিশনে খেলার জন্য টোকেন তুলছেন। এ পর্যন্ত ৭৬ জন
টোকেন তুলেছেন দলবদলের জন্য আর লিগ কমিটি ছাড়পত্র জমা দিয়েছে ৬৩ জনকে।
এদের মধ্যে বি. লিগের কোনো খেলোয়াড় নেই বলে জানিয়েছে লিগ কমিটি। গত পেশাদার লিগে যারা তিনটি কিংবা তার কম ম্যাচ খেলছেনে তারা নিজেদের ক্লাবের অনাপত্তিপত্র দেখিয়ে সিনিয়র ডিভিশনে দলবদল করতে পারবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.
bdnews24