২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমুদ্দিনের 'রহস্যময়' বিদায়ী অনুষ্ঠানে প্রশংসার জোয়ার

"হীনমন্যতা" ঝেড়ে ফেলে "মনস্তাত্বিক বাধা" টপকে অবশেষে বাফুফে সভাপতি এস এ সুলতান আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন কোচ সৈয়দ নাঈমুদ্দিনকে। এ উদ্দেশ্যে রোববার স্থানীয় এক হোটেলে আয়োজিত ''রহস্যময়'' বিদায় সংবর্ধনাটি বিদায়ী কোচের প্রশংসায় মুখর হয়ে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 02:27 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- "হীনমন্যতা" ঝেড়ে ফেলে "মনস্তাত্বিক বাধা" টপকে অবশেষে বাফুফে সভাপতি এস এ সুলতান আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন কোচ সৈয়দ নাঈমুদ্দিনকে। এ উদ্দেশ্যে রোববার স্থানীয় এক হোটেলে আয়োজিত ''রহস্যময়'' বিদায় সংবর্ধনাটি বিদায়ী কোচের প্রশংসায় মুখর হয়ে ওঠে। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টু, গোলাম সারোয়ার টিপু, বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম, ভিক্টোরিয়া ক্লাবের সাধারন সম্পাদক শওকত আলী খান জাহাঙ্গীর, ব্রাদার্স সম্পাদক মিজান উদ্দিনসহ এএফসির নিরাপত্তা অফিসার সালমান আল নামশানও। দেখা যায়নি সভাপতি ছাড়া বাফুফের অন্য কোনো কর্মকর্তাকে। খেলোয়াড়দের মধ্যে কেবল বাংলাদেশ অধিনায়ক হাসান আল মামুনের উপস্থিতিই টের পাওয়া গেছে। তবে বেশ চোখে পড়ার মতো উপস্থিতি ছিল ব্রাদার্স ক্লাবের লোকজনের। যা দেখে অনেকে ভেবে নিয়েছে এটা ব্রাদার্সেরই আয়োজন। সেটা ভুল, নামপ্রকাশ না করার শর্তে উপস্থিত সংগঠকদের দেওয়া তত্ত্ব অনুযায়ী ব্রাদার্সের ব্যানারে নাঈমুদ্দিনের বিদায়ী সম্বর্ধনার আয়োজন করেছেন খোদ বাফুফে সভাপতি ! সতিই এ এক রহস্যময় বিদায়ী সভা। যেটা নিয়ামুযায়ী বাফুফের করার কথা সেটা করেছেন বাফুফে সভাপতি। তা-ও যথেষ্ট লুকোচুরি করে! যেন এক অপরাধমূলক কাজ ! বাফুফের অন্যরা যে নাঈমুদ্দিনকে বিদায়ী সম্বর্ধনা দিতে চায়নি তা স্পষ্ট হয়ে গেল এই আয়োজনে। আরো স্পষ্ট করে দিয়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতান নিজের বক্তৃতায়, "বিদায় দেওয়ার সময় আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে। বড় বড় খেলোয়াড়দেরও আমরা সুন্দরভাবে বিদায় জানাতে পারিনি। এটা আমাদের একটা মনস্তাত্বিক সমস্যা।" এই সমস্যা কাটানোর জন্য তিনি বাফুফের বাইরে গিয়ে ব্রাদার্সের ব্যানারে হাজির হয়েছেন নাঈমুদ্দিনকে নিয়ে। যেখানে তিনি এই ভারতীয় কোচের প্রশংসা করেছেন এভাবে, "তিনি আন্তরিকভাবে আমাদের দলকে নিয়ে চেষ্টা করেছেন। ঢাকায় তাজিকস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা দেখে অনেকেই প্রশংসা করেছেন। সত্যিই এত কম টাকায় এত ভাল কোচ পাওয়া যায় না। সামনে অন্য কমিটি এলে আমার পরামর্শ থাকবে নাঈমুদ্দিনকে আবার দলের দায়িত্ব দেওয়ার।" গত আগস্ট মাসে এই ভারতীয় কোচ বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ৫ মাসের জন্য। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাওয়ায় গত অক্টোবর মাসের পর তাকে না করে দিয়েছে বাফুফে। বাফুফে সভাপতি বলেছেন, "নাঈমুদ্দিনের অনেক পরিকল্পনা ছিল এই দলকে নিয়ে। কিন্তু জাতীয় দলকে দীর্ঘদিন ধরে ট্রেনিং করানোর মতো সামর্থ্য আমাদের নেই।" তাই মাত্র ১ লাখ টাকার (মাসে) কোচকে ফিরিয়ে দিতে হচ্ছে। এই কদিন একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরে বাফুফে সভাপতি কোচকে উদ্দেশ্য করেই বলেছেন, "মনোকষ্ট নেবেন না। একসঙ্গে যারা কাজ করি সবার মন-মানসিকতা তো এক নয়। নিজের মত ভিন্ন হলেও অনেক সময় তাদের সঙ্গে একমত হতে হয়।" এসব শুনে নাঈমুদ্দিনের মনও যেন অনেক হালকা হয়ে গেছে। তার মুখে যথারীতি বাংলাদেশ দলের ফুটবলারদের প্রশংসা, "এখানকার ফুটবলাররা সামন্য পেয়েও দেশের জন্য মাঠে দারুন লড়ে যায়। তাদের আন্তরিকতার অভাব দেখিনি। তাদের জন্য আমি গর্ববোধ করি।" প্রিয় ফুটবলারদের তিনি উপহার দিয়েছেন হাতঘড়ি। কিন্তু এই অনুষ্ঠানে যে হাসান আল মামুন ছাড়া কেউ আসেননি। ঢাকার বাইরে 'ক্ষেপ' খেলতে যাওয়ায় নাকি ফুটবলাররা এতে অংশ নিতে পারেননি। ক্ষেপ খেলা নাকি বাফুফের ভয়, সেটাও একটা বড় প্রশ্ন। যেখানে বাফুফে সভাপতি ভয় পাচ্ছেন সেখানে ফুটবলাররা তো নস্যি ! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.