রিও ডি জেনিরো, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লুই ফাবিয়ানো দু'গোল আর জুলিও সিজারের দারুণ নৈপূন্যে ফের জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়েকে ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। সুবাদে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাকে (৯) হটিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। আগামী জুনে দ্বিতীয় দফা বাছাইপর্ব শুরু হওয়া পর্যন্ত সেখান থেকে নামার সুযোগ নেই তাদের। একইদিন কুইটোয় পেরুকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে ইকুয়েডর।
মরুম্বিতে অনুষ্ঠিত ম্যাচে সেবাস্টিয়ান আব্রিউর গোলে ৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল উরুগুয়ে। ৪৪ মিনিটে ফাবিয়ানো সমতা এনেছেন কিপার ফাবিয়ান ক্যারিনির দু'পায়ের ফাঁক গলিয়ে বল জালে পাঠিয়ে। ৬৪ মিনিটে জয়সূচক গোলটি করেছেন সেভিয়ায় খেলা এই স্ট্রাইকার। দলকে পুরো পয়েন্ট এনে দিয়েছেন গিলবার্তোর লক্ষ্যহীন শটটিতে পা লাগিয়ে। পরের মিনিটেই আব্রিউর দারুণ এক হেড দুর্দান্তভাবে রক্ষা করেছেন সিজার। এই ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে আছে ব্রাজিল।
সান্তিয়াগোতে সালভাদোর কাবানাসের গোলে এগিয়ে গিয়েছিল প্যারাগুয়ে। বিরতির আগে ও পরে কর্ণার থেকে হেড করে আরো দুটো গোল করেছেন ডিফেন্ডার পাওলো ডি সিলভা। বোনাসের দাবিতে বিদ্রোহ করা পেরুকে রীতিমতো বিধস্ত করে জয় পেয়েছে ইকুয়েডর। ওয়াল্টার আইয়োভি ও এডিসন মেন্ডেজ দুটো করে গোল করেছেন। ইভান ক্যাভিয়েডেস করেছেন বাকিটি। অন্যদিকে পেরুর পক্ষে ব্যবধান কমিয়েছেন আন্দ্রেস মেন্ডোজা। চার ম্যাচ খেলে চিলির পয়েন্ট ৪, উরুগুয়ের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে তারা। ইকুয়েডর পেয়েছে ৩ ও পেরুর সংগ্রহ ২ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে সবচেয়ে নিচে আছে বলিভিয়া।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪০০ঘ.
bdnews24