ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হিম-শীতল ঠান্ডার রাজ্যে গিয়ে পড়েছে বিশ্বকাপ দাবার বাংলাদেশ দল। বৃহস্পতিবার তিন সদস্যের দল রাশিয়ায় গিয়ে পৌঁছেছে।
গত ১৯ নভেম্বর রাতে বিশ্বকাপ ভেন্যু হান্তি মানসিস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল বাংলাদেশ দল। লাটভিয়ান কোচ ইগর রাউসিসের তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে গেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেন রাজীব। বৃহস্পতিবার রাশিয়া পৌঁছেই বাংলাদেশ দলের কোচ ইগর রাউসিস ই- মেলে জানিয়েছেন,"দুই দাবাড়ুই সুস্থ আছে। কিন্তু এখানকার তাপমাত্রা হিমাঙ্কের নীচে ২৬ ডিগ্রী সেলসিয়াস।"
এই ঠান্ডার মধ্যে তারা হোটেল ছেড়ে বের হননি। শুক্রবার হান্তি মানসিস্কে বিশ্বকাপ দাবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24