বোগোটা, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চতুর্থ ম্যাচে এসে অবশেষে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার বোগোটায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে আলফিও বাসিলের দল। দিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি এক লড়াই শেষে ভেনেজুয়েলা ৫-৩ গোলে হারিয়েছে বলিভিয়াকে।
এমনিতেই সাগরপৃষ্ঠের অনেক উঁচুতে ম্যাচ। নির্দিষ্ট করে বললে ২ হাজার ৬০০ মিটার। পরিশ্রান্ত আর্জেন্টাইনদের জন্য আরো সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কার্লোস তেভেজের লাল কার্ড। ম্যাচের ২৫ মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার রুবেন দারিও বাস্তোসকে বুট দিয়ে মাড়িয়ে মার্চিং অর্ডার পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ফরোয়ার্ড। কিন্তু দশ জন নিয়েও উল্টো আরো আক্রমণাত্মক হয়ে উঠে আর্জেন্টিনা। ৩৭ মিনিটে তারই ফসল লিওনেল মেসির দুর্দান্ত গোলটি। হুয়ান রোমান রিকুয়েলমের ফ্রি কিকটি বাঁ প্রান্তে পেয়ে চারজন ডিফেন্ডারকে অসাধারণ নৈপূণ্যে ছিটকে ফেলেন মেসি। তারপর কিপার অগাস্টিন হুলিওর নাগালের বাইরে দিয়ে পৌঁছে দেন জালে।
ব্যবধান বাড়ানোর আরো সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর তাদের শ্রান্তির সুযোগে ম্যাচে ফিরে আসে কলম্বিয়া। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে দলের গোলের খাতা খোলা বাস্তোসই সমতা এনেছেন। এবারও দুর্দান্ত এক ফ্রিকিকেই গোল করেছেন তিনি। ম্যাচের মিনিট সাতেক বাকি থাকতে বদলি খেলোয়াড় দায়রো মোরেনো জয়সূচক গোলটি করেছেন স্বাগতিকদের পক্ষে। চার ম্যাচ শেষে আর্জেন্টিনা ৯ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে পয়েন্ট তালিকার। এখনও কোনো ম্যাচ না হারা কলম্বিয়ার পয়েন্ট ৮।
দিনের অন্য ম্যাচে তিন-তিনবার পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে ভেনেজুয়েলা। ২০ মিনিটে মার্সেলো মোরেনোর গোলে এগিয়ে গিয়েছিল বলিভিয়া। মিনিট খানেক বাদে সমতা এনেছেন ড্যানিয়েল আরিসমেন্ডি। ২৭ মিনিটে হুয়ান কার্লোস আর্সির গোলে বলিভিয়া আবারও লিড নিলেও আবারও তা শোধ করেছেন আরিসমেন্ডি। বিরতির পর মার্সেলো মার্টিনসের তৃতীয় গোলটির পর ভেনেজুয়েলার পক্ষে সমতা এনেছেন আলেজান্দ্রো গুয়েরো। ম্যাচের শেষ দু'মিনিটে দু গোল করে ভেনেজুয়েলাকে দারুণ এক জয় উপহার দেন জিয়ানকার্লো মালদোনাদো। চার ম্যাচে ভেনেজুয়েলার পয়েন্ট ৬, বলিভিয়ার ১।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬০৫ঘ.
bdnews24