২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুর সঙ্গে ড্র করেছে ব্রাজিল, স্বরূপে সালাস

মাঝে মাঝে অসাধারণ কিছু কীর্তিও ম্লান হয়ে যায় সামগ্রিক ব্যর্থতায়। এই হতাশায় পুড়তেই পারেন কাকা। রোববার লিমায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুর বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। কিন্তু দলের কাজে আসেনি তা। পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করে স্রেফ ১ পয়েন্ট পেয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে মার্সেলো সালাসের দু'গোলে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চিলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

লিমা, ১৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঝে মাঝে অসাধারণ কিছু কীর্তিও ম্লান হয়ে যায় সামগ্রিক ব্যর্থতায়। এই হতাশায় পুড়তেই পারেন কাকা। রোববার লিমায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পেরুর বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। কিন্তু দলের কাজে আসেনি তা। পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করে স্রেফ ১ পয়েন্ট পেয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে মার্সেলো সালাসের দু'গোলে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চিলি। লিমায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে ব্রাজিলকে ভালোই চেপে ধরেছিল স্বাগতিকরা। হুয়ান ভার্গাস এবং জেফারসন ফারফান কাছাকাছি গিয়েছিলেন গোলের। ঝড়টা সামলে নিয়ে পাল্টা আক্রমণে গিয়েছে ব্রাজিল। কিন্তু তাদের সামনে একাই বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান পেরুর কিপার ডিয়েগো পেনি। মূলত তার অসাধারণ কিপিংয়েই ব্রাজিলের আক্রমণের তোড় দারুণভাবে সামলেছে স্বাগতিকরা। বিরতির আগে মাইকনের হেড গেছে বার উচিয়ে, রবিনিয়োর দারুণ এক শট ঠেকিয়েছেন পেনি আর ফিরতি শট বাইরে মেরেছেন ভাগনার লাভ। ৪০ মিনিটে অবশেষে ব্রাজিলের মুখে হাসি ফুটিয়েছেন কাকা। মিনিয়েরোর পাস ধরে প্রায় ৩০ মিটার দূর থেকে বাঁক খাওয়ানো শট নিয়েছেন এসি মিলানের এই ফরোয়ার্ড। অসহায় পেনির আয়ত্বের বাইরে ছিল তা ঠেকানো। বিরতির পর নিজেদের আয়ত্বে বল রেখে খেলাকে শ্লথ করে দেয় ব্রাজিল। তবে গোলের আশায় ভাটা পড়েনি তখনও। রোনালদিনিয়োর ফ্রি কিক দারুণ নৈপূণ্যে বাঁচিয়েছেন পেনি। এরপর ফিরতি কর্ণার থেকেও সুযোগ বঞ্চিত করেছেন ব্রাজিলকে। ৭১ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারা। ভার্গাসের দূরপাল্লার শটটি লুসিওর পায়ে লেগে চলে যায় জালে। ক্লদিও পিজারো আরেকটু হলে জিতিয়ে দিয়েছিলেন পেরুকে। ফারাফানের ফাঁকায় বাড়ানো বলটি আয়ত্বে নিতে গিয়ে পড়ে যান চেলসিতে খেলা এই স্ট্রাইকার। শেষ বাঁশির ঠিক আগে সুযোগ পেয়েছিল ব্রাজিলও। কিন্তু ফ্রি কিক থেকে হুয়ানের হেড বারপোস্টে বাঁধা পেয়ে ফিরে আসে। তিন ম্যাচ থেকে ব্রাজিলের সংগ্রহ ৫ পয়েন্ট, পেরুর ২। পুরো ৯ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এদিকে মন্টিভিডিওতে কোচ মার্সেলো বিয়েলসার আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন মার্সেলো সালাস। দীর্ঘ ছয়মাস পর অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে দুগোল করেছেন চিলির এই স্ট্রাইকার। উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচে লুই সুয়ারেজের গোলে পিছিয়ে ছিল চিলি। বিরতির পর ১১ মিনিটের ব্যবধানে দু'গোল করেন সালাস। প্রথমটি ছিল দুর্দান্ত এক ডাইভিং হেডে। দু'বছর আগে জুনে চিলির জার্সি গায়ে সর্বশেষ গোলটি করেছিলেন তিনি। এরপর পেনাল্টি থেকে ৩৭তম আন্তর্জাতিক গোলটি করেছেন সালাস। ম্যাচের শেষ দিকে সেবাস্টিয়ান আবেরুর গোলে সমতায় ফেরে উরুগুয়ে। তিন ম্যাচ শেষে দুদলেরই সংগ্রহ ৪ পয়েন্ট করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫১০ঘ.