রিও ডি জেনিরো, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিগ ফুটবলে খেলারই সুযোগ পাচ্ছেন না। স্প্যানিশ প্রিমেরা লিগায় ভিলারিয়ালে নামভুক্তি থাকলেও ম্যাচ খেলার সুযোগ জোটে না। হুয়ান রোমান রিকুয়েলমের জন্য তাই আন্তর্জাতিক ফুটবলই ভরসা। আর জাতীয় দলের হয়ে দাপুটে খেলাই খেলে চলেছেন আর্জেন্টাইন এই প্লে মেকার। তার নমুনা ফের দেখালেন শনিবার বলিভিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। কোচ আলফিও বাসিলের দারুণ ভরসার রিকুয়েলমে একাই করেছেন দু গোল। সুবাদে তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছে আর্জেন্টিনা।
দিনের অন্য ম্যাচে প্যারাগুয়ের কাছে ৫-১ গোলে হেরেছে ইকুয়েডর। ম্যাচের পর দলের বাজে পারফরম্যান্সের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন কোচ লুই ফার্নান্দো সুয়ারেজ। অন্যদিকে তৃতীয় ম্যাচে এসে অবশেষে গোলের দেখা পেয়েছে কলম্বিয়া। রুবেন দারিও বাস্তোসের ফ্রি কিকে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে তারা।
প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখতে সফল হয়েছিল বলিভিয়া। দারুণ সব আক্রমণেও গোল মুখ আর খুলছিল না। সেটা খুলেছেন সার্জিও আগুয়েরো। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের পক্ষে তার প্রথম গোল করেছেন দারুণ এক হেডে। বিরতির পর রিকুয়েলমের ম্যাজিক। ৫১ মিনিটে তার ফ্রিকিকটি কোনো মতে বার উঁচিয়ে বাঁচিয়েছেন কিপার কার্লোস আরিয়াস। মিনিট ছয়েক বাদে একই জায়গা থেকে রিকুয়েলমের নেওয়া সেট পিসটি অসহায়ের মতো দেখেছেন জালে যেতে। ৭৪ মিনিটে গোটা ম্যাচে অসাধারণ খেলা লিওনেল মেসির পাস থেকে আড়াআড়ি শটে নিজের দ্বিতীয় গোলটি করেছেন রিকুয়েলমে।
এমনিতেই অন্তর্কোন্দলে জর্জরিত হয়েই প্যারাগুয়েতে গিয়েছিল ইকুয়েডর। দুই অভিজ্ঞ খেলোয়াড় উলিসের ডি লা ক্রুজ এবং ইভান হুর্তাদোকে বাইরে রেখে ম্যাচ খেলতে নেমেছিল তারা। তাদের দুর্দশা প্রকট হয়ে গেছে ম্যাচের আধঘণ্টার মধ্যেই। নেলসন হেইদো ভালদেজ ও ক্রিস্টিয়ান রিভেরোস কর্ণার থেকে গোল করে এগিয়ে নিয়েছেন প্যারাগুয়েকে। বিরতির পর তৃতীয় গোলটি এসেছে রকো সান্তা ক্রুজের পা থেকে। ইভান ক্যাভিয়েদেস ব্যবধান কমালেও নেলসন আয়ালা ও রিভেরোসের গোলে বড় হার এড়ানো সম্ভব হয়নি ইকুয়েডরের। এই জয়ে তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেয়েছে প্যারাগুয়ে। অন্যদিকে ১০ দলের এই বাছাইয়ে পয়েন্টশুন্য থেকে সবার তলানিতেই থেকে গেছে ইকুয়েডর।
বোগোটায় এবারের বাছাইয়ে কলম্বিয়ার প্রথম গোলটি করেছেন ডিফেন্ডার রুবেন দারিও বাস্তোস। সুবাদেই টানা দু ম্যাচ গোল শুন্য ড্র করা কলম্বিয়ার পয়েন্ট এখন ৫। ভেনেজুয়েলার পয়েন্ট ৩।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৫৫৫ঘ.
bdnews24