লন্ডন, ১৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্স ম্যাচ না খেলেই নিশ্চিত। আর তাদের উপকারটা করে দিয়েছে ইতালি। শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বকাপ রানার্সআপরা। সুবাদেই গ্র"প-বি থেকে এক ম্যাচ হাতে রেখেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলেছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের। সেইসঙ্গে সেরা ষোলোতে নাম লিখিয়েছে নেদারল্যান্ডস, পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও স্পেন। এর আগে গ্রিস, জার্মানি, চেক প্রজাতন্ত্র ও রুমানিয়া দুই আয়োজক অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের সঙ্গী হয়েছে। বাকি চারটি জায়গার জন্য লড়াই চলছে এখন। আর সেখান থেকে বাদ পড়ার দুঃস্বপ্নটা হঠাৎই কেটে গেছে ইংল্যান্ডের। শনিবার ইসরায়েলের কাছে রাশিয়া ২-১ গোলে হেরে যাওয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি পয়েন্ট পেলেই চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে ইংলিশরা।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হোম অ্যান্ড অ্যাওয়ে দু পর্বেই হারিয়েছিল স্কটল্যান্ড। গ্লাসগোর এই ম্যাচ নিয়ে তাই দারুণ উদ্বেগেই ছিল ইতালি। কিন্তু দ্বিতীয় মিনিটেই লুকা টনির গোলে এগিয়ে যায় তারা। ৬৫ মিনিটে অধিনায়ক বেরি ফার্গুসনের গোলে খেলায় ফিরে আসে স্বাগতিক স্কটল্যান্ড। কিন্তু ইনজুরি টাইমে বিতর্কিত এক ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ইতালিকে পুরো পয়েন্ট পাইয়ে দিয়েছেন ক্রিস্টিয়ান পানুচ্চি। এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গ্র"প-বির শীর্ষস্থান দখল করেছে ইতালি। সমান ম্যাচে ফ্রান্সের পয়েন্ট ২৫। ১২ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েও বাদ পড়েছে স্কটল্যান্ড। এদিন গ্র"পের অন্য ম্যাচে লিথুনিয়া ২-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে।
শেষ মিনিটে নাটকীয় এক গোল খেয়ে পঁচা শামুকে পা কেটেছে রাশিয়ার। তেল আবিবে ওমের গোলানের গোলে ২-১ গোলে হেরে গেছে তারা। তাই মেসিডোনিয়ার কাছে ২-০ গোলে হেরেও গ্র"প-ই থেকে শীর্ষ দল হিসেবে চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে গেছে ক্রোয়েশিয়ার। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। সমান ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করলেই উঠে যাবে চূড়ান্ত পর্বে। গ্র"পের অন্য ম্যাচে এস্তোনিয়া ২-০ গোলে হারিয়েছে এন্ডোরাকে।
প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সৌভাগ্য অর্জন করেছে পোল্যান্ড। ইউজেবিউজ স্মোলারেকের দু'গোলে বেলজিয়ামকে হারিয়েছে তারা। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট পাওয়ায় গ্র"প-এ'র শীর্ষ দল হিসেবে সেরা ষোলোতে নাম উঠেছে তাদের। ২৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হওয়ার আশায় আছে পর্তুগাল। শনিবার আর্মেনিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে তারা। গ্র"পের অন্য ম্যাচে ফিনল্যান্ড আজেরবাইজানকে ২-১ গোলে হারিয়েছে। সার্বিয়া ও কাজাখস্তানের ম্যাচটি তুষারপাতের কারণে পরিত্যক্ত হয়েছে।
গ্র"প-জি থেকে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল রুমানিয়া। তাই বুলগেরিয়ার কাছে ১-০ গোলে হেরে গেলেও কোনো সমস্যা হয়নি তাদের। ১১ ম্যাচে সমান ২৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস। ড্যানি কোয়েভারম্যানসের গোলে লুক্সেমবার্গোকে হারিয়েছে তারা। গ্র"পের অন্য ম্যাচে বেলারুশের কাছে ৪-২ গোলে হেরেছে আলবেনিয়া।
গ্র"প-এফ থেকে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে স্পেন। জোয়ান ক্যাপদেভিলা, আন্দ্রেস ইনিয়েস্তা ও সার্জিও র্যামোসের গোলে সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে তারা। হেরে গেলেও ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আশা জাগানিয়া অবস্থায় আছে সুইডেন। লাটভিয়ার বিপক্ষে শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই চলবে তাদের। অবশ্য ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে তাদের ঘাড়ে শ্বাস ফেলছে উত্তর আয়ারল্যান্ড। গ্র"পের অন্য ম্যাচে লাটভিয়া ৪-১ গোলে হারিয়েছে লিচটেনস্টেইনকে।
গ্র"প-সিতে থিওফানিস গিকাসের হ্যাটট্রিকে মাল্টাকে ৫-০ গোলে হারিয়েছে গ্রিস। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট পাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অবশ্য আগেই নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। নরওয়েকে ২-১ গোলে হারিয়ে তাদের সঙ্গী হওয়ার আশা জাগিয়েছে তুরস্ক। শেষ ম্যাচে বসনিয়াকে হারাতে পারলে সেটা সম্ভব হবে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা তুর্কিদের। সমান ম্যাচে নরওয়ের পয়েন্ট ২০।
এছাড়া গ্র"প-ডির গুরুত্বহীন ম্যাচে সাইপ্রাসকে ৪-০ গোলে হারিয়েছে জার্মানি। স্লোভাকিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে চেক প্রজাতন্ত্র। দু'দলই আগের রাউন্ডে নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। গ্র"পের অন্য ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ওয়েলস ও আয়ারল্যান্ড।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬৫৫ঘ.
bdnews24