ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২২তম জাতীয় সাঁতারের প্রথম দিনেই দুটো নতুন রেকর্ড হয়েছে। দুটো রেকর্ডই হয়েছে মেয়েদের বিভাগে। মিরপুরে ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সে বুধবার বিজেএমসির সবুরা খাতুন ৩৫.৫৬ সেকেন্ডে গড়েছেন ৫০ মিটার ব্যাকস্ট্রোকের নতুন জাতীয় রেকর্ড। ২০০৫ সালে গড়া এর আগের রেকর্ডটি ছিল ডলি আক্তারের (৩৫.৯৭ সেকেন্ড)। একই বছর গড়া ৫০ মিটার ফ্রিস্টাইলের রেকর্ডও এদিন হাতছাড়া হয়েছে ডলির। ৩০.২১ সেকেন্ডে সাঁতার শেষ করে নতুন রেকর্ডের মালিক হয়েছেন বিকেএসপির ছাত্রী আফসানা আক্তার।
ওদিকে ছেলেদের বিভাগে সাফের সোনা বিজয়ী বাংলাদেশ নৌবাহিনীর রুবেল রানা ৩০.২১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ৫০ মিটার ব্যাকস্ট্রোকে। আর ২০০ মিটার বাটারফ্লাইতে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এম সুজন আলী। তিনি সময় নিয়েছেন ২ মিনিট ১৭.০৯ সেকেন্ড।
মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইতে ৩ মিনিট ১১.২০ সেকেন্ডে ফিনিশিং লাইন ছুঁয়ে সোনা জিতেছেন বিকেএসপির সোনিয়া আক্তার। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিজয়ী লাভলী আক্তারের টাইমিং ৬ মিনিট ২২.৭৩ সেকেন্ড। ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রুবেল রানাকে পেছনে ফেলে সোনা জিতেছেন বিকেএসপির নাজমুল হক (৫ মিনিট ৩.৩৮ সেকেন্ড)। ৫০ মিটার ফ্রিস্টাইলে বাংলাদেশ সেনাবাহিনীর নজরুল ইসলাম হয়েছেন প্রথম (২৫.১২ সেকেন্ড)।
চারদিনের এই প্রতিযোগীতার প্রথম দিনশেষে তিনটি সোনা ও দুটো রুপা নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বিকেএসপি। দুটো করে সোনা, রুপা ও ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ নৌবাহিনী।
এর আগে প্রতিযোগীতার উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল সারওয়ার জাহান নিজাম ও স্পনসর কেয়া কসমেটিক্সের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.
bdnews24