ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাফুফে-কর্তাদের কাছে বিশেষ সাধারন সভা "অপ্রয়োজনীয়" হলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহীর কাছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ফুটবলের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে ঐকমত্যে ফেরানোর জন্য এর কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেছেন তিনি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল ওয়ালীউল্লাহ (অব.) নিজেকে ফুটবলের বাইরের লোক দাবি করে বলেছেন, "আমি ফুটবলের কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের কেউ না। তবে ফুটবলকে ভালবাসি বলেই বলছি, সংকট উত্তরণের জন্য বাফুফের উচিত একটি বিশেষ সাধারন সভা ডাকা। এতে করে ডিএফএ গঠনের পথ যেমন উন্মুক্ত হবে তেমনি নিজেদের বিভেদ ভুলে গিয়ে সংগঠকরা ঐকমত্যে পৌঁছাতে পারবেন।"
গত শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক অনানুষ্ঠানিক সভায় বিশেষ সাধারন সভা ডাকার পরামর্শ দেওয়া হয়েছিল বাফুফে কর্তাদের। সেখানে বাফুফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এস এ সুলতান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু। সভায় বাফুফের সাবেক সহকারী সাধারন সম্পাদক ও কাউন্সিলর বাদল রায় ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠনের আগে সাধারন সভা আয়োজনের দাবি তুলেন। এই দাবি অনেক কাউন্সিলরেরও। তাই সভায় উপস্থিত বিওএ প্রধান নির্বাহী কর্ণেল ওয়ালী উল্লাহ (অব.) ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খান বিশেষ সাধারণ সভা ডেকে সংকট নিরসনের পরামর্শ দেন। প্রয়োজনে ফিফা ও এএফসি প্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা করতে বলা হয়েছিল।
কিন্তু এই সভার একদিন পর বাফুফে সভাপতি এস এ সুলতান বিশেষ সাধারন সভার কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেন। বাফুফের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালুরও একই মত। এবং সেই অনুযায়ী তারা ডিএফএ গঠনের উদ্যোগ নেওয়ার জন্য চিঠি পাঠাচ্ছে জেলা ও বিভাগগুলোতে।
যা শুনে একটু বিস্মিতই হয়েছেন কর্ণেল ওয়ালী, "এখন ডিএফএ নির্বাচন হলে ফোরামের লোকজনের ঢুকে পড়ার সম্ভাবনা আছে। ফুটবলের ভাল চাইলে আপাতত ডিএফএ নির্বাচন বাদ দিয়ে ফ্রেন্ডশিপ কাপ ফুটবলকে সফল করার জন্য কাজ করা উচিত। কারণ মাঠের খেলা আগে। খেলা না থাকলে কোনো কমিটি দিয়ে কিছু হবে না।"
সমালোচকরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অনেকটা পিছিয়ে দেওয়ার দায় চাপান তথাকথিত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন বা ফোরামের ওপর। এজন্য বিশেষভাবে সমালোচিত এই সংগঠনের ওপর রীতিমতো জিহাদ ঘোষণা করেছিল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এই বির্তকিত সংগঠকদের আবার ফিরিয়ে আনার উদ্যোগকে নিশ্চয়ই স্বাগত জানাতে পারেন না নীতি-নির্ধারকরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.
bdnews24