২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ফুটবলাররা ইতালিয়ান লিগ বর্জন করতে পারেন : কাকা

ম্যাচ গড়াপেটার পর এবার ফুটবল সন্ত্রাস। এভাবে সিরি-এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন কাকা। এসি মিলানের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মতে এ অবস্থা চললে শীর্ষ খেলোয়াড়রা ইতালিতে আর না খেলার সিদ্ধান্ত নিতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

মিলান, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচ গড়াপেটার পর এবার ফুটবল সন্ত্রাস। এভাবে সিরি-এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন কাকা। এসি মিলানের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মতে এ অবস্থা চললে শীর্ষ খেলোয়াড়রা ইতালিতে আর না খেলার সিদ্ধান্ত নিতে পারেন। মঙ্গলবার ইতালিয়ান পত্রিকা 'গ্যাজেত্তা দেল্লো স্পোর্তকে' দেওয়া এক সাক্ষাতকারে তেমনই সম্ভাবনার কথা জানিয়েছেন কাকা। পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে এ মুহূর্তে ব্রাজিলে আছেন তিনি। রোববার বার্গামোয় আটলান্টার বিপক্ষে ম্যাচে উন্মত্ত সমর্থকদের তাণ্ডব নিজের চোখে দেখেছেন কাকা। দেখে তটস্থ হয়েছেন। পুলিশের গুলিতে এক লাৎসিও সমর্থকের মৃত্যুর পর গোটা ইতালিজুড়ে স্টেডিয়ামগুলোতে হাঙ্গামা ছড়িয়ে পড়ে। এসি মিলান ও আটলান্টার ম্যাচ পণ্ড হয়ে যায় শুরুর সাত মিনিটের মধ্যেই। শেষমেষ এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে লিগ। ভীত কাকা সে সময়কার বর্ণনা দিয়েছেন এভাবে, "আমাদের ড্রেসিংরুমের ভেতর তখন এক আশ্চর্য নিস্তব্ধতা। আমি বোঝার চেষ্টা করছিলাম আসলে কী ঘটছে! লোকজন যা হাতের কাছে পেয়েছে তাই ছুঁড়ে মেরেছে।" আর এ সবে আখেরে ইতালির ভাবমূর্তিরই ক্ষতি হচ্ছে বলে মনে করছেন কাকা, "প্রথমে গড়াপেটা এবং তারপর ক্যাটানিয়ায় পুলিশ খুন। আর এখন এই ট্রাজেডি। খেলা দেখতে গিয়ে খুন হয়েছে একজন সমর্থক। ইতালি তাদের ভাবমূর্তি হারাচ্ছে। তালিকাটা দীর্ঘ হচ্ছে শুধু।" কাকার ধারণা, "এসব ঘটনায় শীর্ষ খেলোয়াড়রা আমাদের সিরি-এ মাড়াবেন না। বিশ্বসেরা খেলোয়াড়রা বড় দলে খেলতে চান, আর ইতালিতে রয়েছে ঐতিহ্যবাহী এবং মর্যাদাসম্পন্ন কিছু ক্লাব। কিন্তু তারা এর পাশাপাশি আনন্দ এবং নিরাপত্তাও খোঁজেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২০২৫ঘ.