ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডিএফএ গঠনের আগে বিশেষ সাধারন সভা ডাকার তাগিদ দেওয়া হলেও বাফুফে এই সভাকে প্রয়োজনীয় মনে করছে না।
গত শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক অনানুষ্ঠানিক সভায় বিশেষ সাধারন সভা ডাকার পরামর্শ দেওয়া হয়েছিল বাফুফে কর্তাদের। সেখানে বাফুফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি এস এ সুলতান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু। সভায় বাফুফের সাবেক সহকারী সাধারন সম্পাদক ও কাউন্সিলর বাদল রায় ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠনের আগে সাধারন সভা আয়োজনের দাবি তুলেন। এই দাবি অনেক কাউন্সিলরেরও। তাই সভায় উপস্থিত বিওএ প্রধান নির্বাহী কর্ণেল ওয়ালী উল্লাহ (অব.) ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম খানও বিশেষ সাধারণ সভা করার সুপারিশ করেন। প্রয়োজনে ফিফা ও এএফসি প্রতিনিধিদের উপস্থিতিতে সভা করতে বলা হয়েছে।
কিন্তু রোববার বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "বাদলরা (বাদল রায়) অযথা বিশেষ সাধারণ সভার কথা বলছে, আসলে তার কোনো প্রয়োজন নেই। এখন ডিএফএ গঠনই আমাদের প্রধান কাজ। আমরা নির্বাচন পেছাতে চাই না।" ডিএফএ গঠনের জন্য রোববার বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা চেয়ে একটি চিঠি দিয়েছে। অথচ ফিফা প্রেরিত এক চিঠিতে বলা হয়েছে "জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।" এরকম চিঠির পর পরিষদের সাহায্য চাওয়ার কোনো সুযোগই নেই।
জাতীয় ক্রীড়া পরিষদ অবশ্য এখনই বাফুফের চিঠির কোনো জবাব দেয়নি। পরিষদ সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, "চিঠি পরীক্ষা-নিরীক্ষা করার পর আমরা এগুবো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২১১৫ঘ.
bdnews24