ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডিএফএ গঠনে সরকারের সহযোগিতা চেয়ে তোপের মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় সভায় সরকার পক্ষ বাফুফে নিয়ে আগ্রহী নয় বলে জানিয়ে দিয়েছে।
সরকার মানে জাতীয় ক্রীড়া পরিষদ। পরিষদ সচিব আমিনুল ইসলাম খান ও বিওএ'র প্রধান নির্বাহী কর্নেল ওয়ালীউল্লাহর (অব.) সঙ্গে আলোচনায় বসেন বাফুফে সভাপতি এস এ সুলতান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু। তবে সভার মূল আলোচনা নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও বিওএ প্রধান নির্বাহী কর্নেল ওয়ালীর দাবি ফ্রেন্ডশিপ কাপ নিয়ে কথা হয়েছে, "কীভাবে ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্টকে সার্থক ও সুন্দর করা যায় তা আলোচনা হয়েছে। এজন্য বাফুফের পক্ষ থেকে সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করা হয়েছে এবং সবাইকে একসঙ্গে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে।" ফ্রেন্ডশিপ কাপও যে সভার আলোচ্য সূচীতে ছিল তা টুর্নামেন্টের সম্পাদক বাদল রায়ের উপস্থিতিই বলে দেয়।
ফ্রেন্ডশিপ কাপের পাশাপাশি মূল আলোচ্য বিষয় ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) গঠনের ব্যাপারে কী সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে কেউ মুখ খুলছেন না। তবে বাফুফে সূত্রে জানা গেছে সরকার পক্ষের কঠোর মনোভাবের কথা। সভায় বাফুফে কর্তারা ডিএফএ গঠনে সরকারের সহযোগিতা চাইলে পরিষদ সচিব আমিনুল ইসলাম খান অপারগতার কথা সরাসরি জানিয়ে দিয়েছেন। তিনি ফিফার গাইড লাইন মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন। অথচ বাফুফে জানিয়েছিল ১৪ ডিসেম্বরের মধ্যে তারা সব ডিএফএ গঠন সম্পন্ন করতে চায় যেন ১৯ জানুয়ারি বাফুফে নির্বাচনে আর কোনো বাধা না থাকে।
দেশের এই জরুরী অবস্থার মধ্যে সরকারের সহযোগিতা ছাড়া জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন গঠন সম্ভব নয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হয়েছে বাফুফে। আবার এই সরকারের ভূমিকাকে ফিফা-এএফসি'র কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে মনে করে পরিষদ। যে কারণে তারা ক্ষুব্ধ বাফুফে কর্মকর্তাদের ওপর, তাই ডিএফএ গঠন কিংবা বাফুফে নিয়ে পরিষদ কর্তা সরাসরি অনাগ্রহ প্রকাশ করেছে বলে সূত্র জানিয়েছে। অবশ্য সভায় উপস্থিত থাকা পরিষদ সচিব আমিনুল ইসলাম খান এ ব্যাপারে মুখ খোলেননি।
মুখ খুলতে নারাজ বাফুফের সাবেক সহকারী সম্পাদক বাদল রায়ও। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর হচ্ছে, ডিএফএ গঠনের আগে একটি বাফুফের সাধারন সভা আহ্বানের দাবি তুলেছেন এই সাবেক ফুটবলার। কারণ ডিএফএ নিয়ে বাফুফের সাধারণ সদস্যদের জানার অধিকার আছে। এছাড়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চলাকালীন যেন ডিএফএ গঠন করা না হয় সেজন্য বাফুফে কর্তাদের অনুরোধ জানিয়েছেন বাফুফের বাইরে থাকা সংগঠকপক্ষের এই নেতা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯২০ঘ.
bdnews24