২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনিলাল ফার্নান্দো আসছেন প্রস্তাবিত ফুটবল সেন্টার ও একাডেমির খোঁজ নিতে

বহুল আলোচিত ফুটবল সেন্টার নিয়ে বাফুফে মোটামুটি নিশ্চিত হলেও ফুটবল একাডেমি গড়া নিয়ে এখনো অনিশ্চয়তার মধ্যে। এ ব্যাপারে যাবতীয় খোঁজ-খবর নিতেই ঢাকা আসছেন এএফসি সহ-সভাপতি মনিলাল ফার্নান্দো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বহুল আলোচিত ফুটবল সেন্টার নিয়ে বাফুফে মোটামুটি নিশ্চিত হলেও ফুটবল একাডেমি গড়া নিয়ে এখনো অনিশ্চয়তার মধ্যে। এ ব্যাপারে যাবতীয় খোঁজ-খবর নিতেই ঢাকা আসছেন এএফসি সহ-সভাপতি মনিলাল ফার্নান্দো। তিনি শুধু এএফসি'র কর্তা নন, দক্ষিণ এশিয়া অঞ্চলের ফিফা ডেভলপমেন্ট অফিসারও। আগামী বুধবার রাতে ঢাকা এসে পরদিন বসবেন বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের সঙ্গে। এ দুটো সভা করে তিনি দুটো ফুটবল সেন্টার ও একটি ফুটবল একাডেমি গড়ার ব্যাপারে একটা ধারণা পাবেন বাংলাদেশের পক্ষ থেকে। ২০০৪ সালের ডিসেম্বরে সুনামির তান্ডবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ ও দক্ষিন পূর্ব এশিয়া। এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ফিফা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অর্থ বরাদ্দ দেয় ফুটবল একাডেমির মতোই ফুটবল সেন্টার গড়ার জন্য। ভারত কিংবা শ্রীলঙ্কার মতো বাংলাদেশে সুনামির ভয়ঙ্কর থাবা না পড়লেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও আড়াই লাখ ডলার দিয়েছে ফিফা দুটো ফুটবল সেন্টার তৈরির জন্য। কিন্তু গত দুই বছরে একাডেমি গড়ার জায়গাই খুঁজে পায়নি বাফুফে। অবস্থা এমন জায়াগায় এসে পৌঁছেছে যে ওই অর্থ ফেরত যাওয়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের হস্তক্ষেপে জায়গার সঙ্কট নিরসন হয়। বরিশালে ৩ একরের একটি জায়গা পেয়েছে বাফুফে ফুটবল সেন্টার করার জন্য। তবে এখনো বুঝে পায়নি তারা কক্সবাজারের জায়গাটি। ফুটবল সেন্টারের জায়গা-সঙ্কট নিরসন হলেও ফুটবল একাডেমি গড়ার জায়গা এখনো খুঁজে পায়নি বাফুফে। ফিফার শর্ত হচ্ছে রাজধানীর ৪০ কিলোমিটার দূরে একাডেমি গড়তে হবে। সেই অনুযায়ী গাজীপুরকে বেছে নিলেও এখনো জায়গার সন্ধান মেলেনি। অথচ ফিফার দ্বিতীয় গোল প্রোজেক্টে এ জন্য বরাদ্দ হয়ে আছে ৪ লাখ ডলার। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের সঙ্গে দক্ষিণ এশীয় অঞ্চলের ফিফা ডেভলপমেন্ট অফিসারের সভায় নিশ্চয়ই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "মনিলাল ফার্নান্দো এনএসসি চেয়ারম্যানের সঙ্গে সভা করার আগ্রহ প্রকাশ করেছেন। ব্যাপারটা আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, তবে এখনো সভা চূড়ান্ত হয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৪৯ঘ.