ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) ব্যাপক দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এতে করে অন্তত ৫০ কোটি টাকার রাজস্ব থেকে এনএসসি বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান তদন্ত কর্মকর্তা। এছাড়া এনএসসি টাওয়ার নির্মাণেও দুর্নীতির প্রমাণ মিলেছে, তাতে ক্ষতির পরিমাণ ৪ কোটি টাকা নির্ধারন করেছে তদন্ত কমিটি। আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পর্যবেক্ষণ ও তার সংস্কার কাজের টেন্ডার দেখার পর এই স্টেডিয়ামকে 'ভীষণ ঝুঁকিপূর্ণ' বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর কাছে মন্তব্য করেছেন প্রধান তদন্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নজীব হাসান। বিস্তারিত জানাচ্ছেন সনৎ বাবলা।
তার নেতৃত্বে গত আট মাস ধরে কাজ করছে ৭ সদস্যের তদন্ত কমিটি। এ তদন্তের আওতায় রয়েছে গত জোট সরকারের আমলে এনএসসির দুর্নীতি-অনিয়ম। প্রধান তদন্ত কর্মকর্তা শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন অনিয়ম-দুর্নীতিতে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলেরও খুব বড় ভূমিকা রয়েছে,"প্রতি পদে পদে ধরা পড়ছে মন্ত্রী পটল সাহেবের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি করার চিত্রটি। এসবের দায় এড়ানোর সুযোগ নেই তার। রিপোর্টে আমরা নামোল্লেখ করেই বেশ কয়েকজনের শাস্তির জন্য সুপারিশ করবো।"
কমিটির তদন্তে উঠে এসেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও তার পাশের মওলানা ভাসানী স্টেডিয়ামসহ বিস্তৃত এলাকার দোকানপাট থেকে জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব হারানোর ভয়াবহ চিত্র। নজীব হাসান বলেছেন,"পরিষদের টেন্ডারগুলোর মাধ্যমে রীতিমতো হরিলুট হয়েছে। শুধু দোকান বরাদ্দ বাবদই পরিষদ অন্তত ৫০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। যেমন ৩ কোটি টাকার দোকান বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৬০ লাখ টাকায়, যে দোকানের মূল্য ৩৫ লাখ সেটি দেওয়া হয়েছে ৯ লাখ টাকায়। একরম ঘটনা আছে ভুড়ি ভুড়ি"।
এমন ব্যাপক দুর্নীতির ব্যাপারে নিশ্চিত হতে তদন্তকর্তারা দোকান মালিকসহ অনেকের সঙ্গেই কথা বলেছেন। তাই ক্রীড়া পরিষদের তদন্তকে বিশাল কাজ হিসেবে উল্লেখ করে ব্রিগেডিয়ার নজীব বলেছেন, "যেখানেই হাত দিচ্ছি সেখানেই দুর্নীতির ভয়াবহ চিত্র দেখছি। এ তদন্তে এক বছরের বেশি সময় লাগা অস্বাভাবিক নয়। তবে পরিধি কমিয়ে আমরা এখন শুধু জাতীয় ক্রীড়া পরিষদে যতগুলি টেন্ডার হয়েছে সেগুলোর ওপরই কাজ করছি। আশা করছি, আগামী ১৫ নভেম্বরের মধ্যেই রিপোর্ট দিয়ে দিতে পারবো।"
তদন্ত কমিটির পর্যবেক্ষণ, যেখানে নির্মাণ কাজ হয়েছে সেখানেই অর্থ-কেলেঙ্কারীর ঘটনা ঘটেছে। যেমন বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম নির্মাণের সময় ৬ লাখ টাকার মাটি ভরাটের কাজ নিয়ে কমিটির যথেষ্ট সন্দেহ আছে। সেখানে নবনির্মিত সুইমিংপুলে পুরোনো মোটর পাম্প বসানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। প্রধান তদন্ত কর্মকর্তা জানিয়েছেন বরিশাল স্টেডিয়ামের পুকুর পাড়ে গাছ লাগানোর খরচও তাদের বিস্মিত করেছে, "পুকুর পাড়ে ৫ লাখ টাকার গাছের চাড়া লাগানো হয়েছে, এটা কি বিশ্বাসযোগ্য? বনবিভাগ থেকে ৩ টাকা করে গাছের চারা পাওয়া যায়।" তার ধারণা, ভুয়া হিসাবের কাগজ-পত্র এত বেশি যে খরচের অংক ও খাত দেখলে যে কারো সন্দেহ হবে।
ক্রীড়াক্ষেত্রে জোট সরকারের সর্বশেষ বড় কাজ এনএসসি টাওয়ার নির্মাণ। টাওয়ারের কাগজ-পত্র ঘেঁটে এবং নির্মাতা প্রতিষ্ঠান ও নির্মাণ উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এনএসসির প্রায় ৪ কোটি টাকা ক্ষতির সন্ধান পেয়েছে তদন্ত কমিটি। বিকেএসপির সাবেক মহা পরিচালক নজীব হাসান বললেন,"এই টাওয়ার নির্মাণে যে মানের জিনিস দেওয়ার কথা তা দেয়া হয়নি, অথচ টাকা নিয়ে গেছে এর চেয়ে অনেক ভালো মানের জিনিসের। যেমন ইট, কাঁচ, বৈদ্যুতিক সরঞ্জাম, এমনকি লিফটের ক্ষেত্রেও নির্ধারিত মান বজায় রাখা হয়নি। কয়েক লাখ টাকার মাটি রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে। মজার ব্যাপার হলো, সাইটবুকেও (নির্মাণ কাজ দেখে সাইট ইঞ্জিনিয়াররা যেখানে মতামত লিখেন) স্পষ্ট লেখা আছে দু-নম্বর উপকরণ ব্যবহারের কথা। সব মেলালে প্রায় ৪ কোটি টাকা নষ্ট হয়েছে পরিষদের।"
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্পর্কে নজীব হাসানের বিশ্লেষণ হচ্ছে, "যে কোনো সময় এই স্টেডিয়াম ভেঙ্গে পড়তে পারে। যার সংস্কার কাজের ৩ কোটি টাকার বাজেট ২৪ কোটি টাকায় উত্তীর্ণ হওয়া মানে এখানে অর্থ-কেলেংকারীর সুযোগ অনেক বেশি।" আর এসব নির্মাণ কাজে যিনি সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ক্রীড়া পরিষদের সেই সাবেক পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নুরুল হক প্রধানকে বেশ কয়েকবার তদন্ত কমিটির মুখোমুখি হতে হয়েছে। জোট সরকারের আমলে তিনিই ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ঘনিষ্ঠ সহযোগী। দুর্নীতিতে সাবেক এই পরিচালকও জড়িত বলে জানালেন প্রধান তদন্ত কর্মকর্তা, "শুধু তিনি নন, পরিষদের অনেক কর্মকর্তাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িত।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৮১৪ ঘ.
bdnews24