২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের ক্যাম্প চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নাঈমুদ্দিন

বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার সম্পর্কচ্ছেদ হয়ে গেছে। তবুও সৈয়দ নাঈমুদ্দিনের মন পড়ে আছে এদেশের ফুটবলারদের কাছে। তাই যাওয়ার আগেও এই ভারতীয় ফুটবল কোচ তাদের ফিটনেস ধরে রাখার জন্য ফুটবল ক্যাম্প চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী তিন-চারদিনের মধ্যে তিনি নিজের দেশে ফিরে যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 03:13 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার সম্পর্কচ্ছেদ হয়ে গেছে। তবুও সৈয়দ নাঈমুদ্দিনের মন পড়ে আছে এদেশের ফুটবলারদের কাছে। তাই যাওয়ার আগেও এই ভারতীয় ফুটবল কোচ তাদের ফিটনেস ধরে রাখার জন্য ফুটবল ক্যাম্প চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আগামী তিন-চারদিনের মধ্যে তিনি নিজের দেশে ফিরে যাবেন। বিদায়ী কোচ শনিবার এক সৌজন্য সাক্ষাতে বসেছিলেন সাংবাদিকদের সঙ্গে। তখন তিনি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কথা বলেছেন, "আমি থাকি বা না থাকি জাতীয় দলের ফুটবল ক্যাম্প চালিয়ে যাওয়া উচিত। নইলে তাদের ফিটনেস ধরে রাখা যাবে না।" গত নভেম্বরে কক্সবাজারে ফুটবল ক্যাম্প করার পর বাংলাদেশের খেলোয়াড়দের ফিটনেসের দারুন উন্নতি হয়েছে। এর ফল তাজিকস্তানের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল পুরো ৯০ মিনিট লড়াই করেছে। তাই এটা ধরে রাখার জন্য নাঈমুদ্দিন পরোক্ষভাবে বাফুফেকে ফুটবল ক্যাম্প চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, "খেলার মধ্যে না থাকলে অবশ্যই তাদের ফিটনেস কমে যাবে। তখন আমি কিংবা অন্য কেউ দায়িত্ব নিলেও আবার শূন্য থেকে শুরু করতে হবে।" বিশ্বকাপ প্রাক বছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার পর আগামী চার মাস বাংলাদেশ দলের কোনো খেলা নেই। মার্চে ঢাকায় হবে এএফসি চ্যালেঞ্জ কাপ, তারপর জুলাইয়ে মালদ্বীপ ও কলম্বোয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাই মাঝের চারমাস ফুটবলারদের ক্যাম্প চলবে না জেনে শংকিত নাঈমুদ্দিন। এই শংকার জন্ম ফুটবলারদের প্রতি তার ভালবাসা থেকেই, "এখানকার ফুটবলাররা তেমন কিছুই পায় না। অন্য কিছুর কথা বাদ দিলাম, ক্যাম্পে তো কঠোর ট্রেনিংয়ের পর ভাল খেতেই পায় না। তারপরও দেশের প্রতি তাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। এই সুশৃঙ্খল ফুটবলারদের নিয়ে আমি গর্ববোধ করি।" বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে তার ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও তার আগেই বাফুফে তাকে ফিরিয়ে দিচ্ছে। কারণ হিসেবে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু উল্লেখ করেছেন, "অর্থসংকট ও জাতীয় দলের খেলা না থাকার কারণেই আমরা ক্যাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ফুটবলারদের কিছুদিন বিশ্রাম দেওয়াও প্রয়োজন।" কিন্তু তাতে যে ফুটবলারদের ফিটনেস ব্যাহত হতে পারে। মালু অবশ্য তা মনে করেন না, "সবাই পেশাদার ফুটবলার। নিজেদের ফিটনেস ধরে রাখার বিষয়টি নিশ্চয়ই তাদের মাথায় আছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২০৪২ঘ.