২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদের বড় জয়, জিতেছে এসি মিলান ও রোমাও

দ্বিতীয় মিনিটেই রাউলের গোল! অধিনায়কের দুর্দান্ত এক শটে শুরুতেই প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেয়া রিয়াল মাদ্রিদের দারুণ কাটলো বুধবারের রাতটা। স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ভ্যালেন্সিয়া তাদের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথমার্ধেই চার গোল করে ফেলা স্প্যানিশ চ্যাম্পিয়নরা ম্যাচটা জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। বাকি চার গোলের দুটি রুড ফন নিস্টলরয়ের, একটি করে সার্জিও র‌্যামোস ও রবিনিয়োর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

মাদ্রিদ/মিলান/লন্ডন, ১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় মিনিটেই রাউলের গোল! অধিনায়কের দুর্দান্ত এক শটে শুরুতেই প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেয়া রিয়াল মাদ্রিদের দারুণ কাটলো বুধবারের রাতটা। স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ভ্যালেন্সিয়া তাদের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথমার্ধেই চার গোল করে ফেলা স্প্যানিশ চ্যাম্পিয়নরা ম্যাচটা জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। বাকি চার গোলের দুটি রুড ফন নিস্টলরয়ের, একটি করে সার্জিও র‌্যামোস ও রবিনিয়োর। ইতালিয়ান সিরি 'এ' তে শিরোপা প্রত্যাশী সব দলই জিতেছে। পিছিয়ে পড়েও একই শহরের দল লাৎসিওকে ৩-২ গোলে হারিয়েছে রোমা। ইতালিয়ান লিগের গত বারের রানার্সআপদের তিন গোলদাতা মির্কো ভুসিনিচ, মানচিনি ও সিমোনে পেরোত্তা। দুঃসময়ের মধ্যে দিয়ে যাওয়া এসি মিলান ৫-০ গোলের বড় জয় পেয়েছে সাম্পদোরিয়ার বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে ইওরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোল করেছেন আলবার্তো জিলার্দিনো, অন্য তিন গোল দারুণ ফর্মে থাকা কাকা, ইওয়ান গুরকাফ ও ক্ল্যারেন্স সিডর্ফের। লিগে ডেভিড ত্রেজেগের দ্বিতীয় হ্যাটট্রিকের সুবাদে জুভেন্টাস ৩-০ গোলে হারিয়েছে এম্পোলিকে। জেনোয়ার বিপক্ষে ইন্টার মিলানের জয়ও বড় ব্যবধানে, ৪-১ গোলে। বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে লক্ষ্যভেদ করেছেন ইভান কর্দোবা, এস্তেবান ক্যাম্বিয়াসো, ডেভিড সুয়াজো এবং হুলিও ক্রুজ। ক্রুজের গোলটা অবশ্য পেনাল্টি থেকে। অন্যদিকে ক্রিস্টিয়ান ভিয়েরির গোলে ফিওরেন্টিনা ১-০ ব্যবধানে জিতেছে নাপোলির বিপক্ষে। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইন্টার যথারীতি লিগের শীর্ষে আছে। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রোমা। জুভেন্টাস ও ফিওরেন্টিনা দু দলেরই ২০ পয়েন্ট, তবে গোল গড়ে 'জুভ' রা তৃতীয় স্থানে। আর ১৩ পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থান দশম। ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হ্যাটট্রিক লিস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয় এনে দিয়েছে চেলসিকে। এক সময় ২-৩ গোলে পিছিয়ে পড়া চেলসিকে সমতায় নিয়ে এসেছেন আন্দ্রেই শেভচেঙ্কো, নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৩ মিনিট আগে। এর পর ইনজুরি সময়ে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে 'ব্লুজ'কে দারুণ এক জয় এনে দেন ল্যাম্পার্ড। যে জয়ে কোয়ার্টার ফাইনালে উত্তরণ নিশ্চিত হয়েছে চেলসির। সেখানে তাদের সঙ্গী হয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ব্ল্যাকবার্ন রোভার্স, এভারটন ও টটেনহাম হটস্পার। মঙ্গলবার সবার আগে শেষ আট নিশ্চিত করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। রোববার স্প্যানিশ লিগে সেভিয়ার কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল ভ্যালেন্সিয়া। যে 'অপরাধে' ভ্যালেন্সিয়ার কোচের পদ থেকে বরখাস্ত করা হয় কুইকিউ সানচেজ ফ্লোরেসকে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ঘরের মাঠ মেস্তালায় দর্শকরা গুছিয়ে বসতে না বসতেই পিছিয়ে পড়ে ভ্যালেন্সিয়া। রাউলের জোরালো শটে এগিয়ে যাওয়ার পর রিয়ালকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুটো সুযোগ নষ্ট করলেও ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিস্টলরয়। এর পর র‌্যামোস ও নিস্টলরয়ের আরেকটি লক্ষ্যভেদ ৩৭ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে দেয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। বিরতির পর মিগুয়েল অ্যাঙ্গুলো একটি গোল ফিরিয়ে দিলেও রবিনিয়োর গোল বড় ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়ালের। এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরো সুসংহত হল তাদের। তবে উয়েফা কাপ চ্যাম্পিয়ন সেভিয়া ৩-৪ গোলে হেরে গেছে রিয়ালের 'প্রতিবেশী' অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে যাওয়া সেভিয়ার শিরোপা-স্বপ্ন আরো ধূসর হয়ে পড়লো এই পরাজয়ে। লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া ভিলারিয়াল আছে দ্বিতীয় স্থানে। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। তবে বৃহস্পতিবার রাতে ভ্যালাদোলিদকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে চলে যাবে বার্সেলোনা। ৯ ম্যাচে ২০ পয়েন্ট তাদের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯০৩ঘ.