২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমুদ্দিনকে হারাতে চান না ফুটবলাররা

বাফুফে এখনো নিশ্চিত করেনি সৈয়দ নাঈমুদ্দিনের ভাগ্য। তবে বাংলাদেশে এই ভারতীয় কোচের চাকরি নিয়ে নানা গুঞ্জন শুনে শংকিত হয়ে পড়েছেন ফুটবলাররা। নাঈমুদ্দিনকে হারাতে চান না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 10:46 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাফুফে এখনো নিশ্চিত করেনি সৈয়দ নাঈমুদ্দিনের ভাগ্য। তবে বাংলাদেশে এই ভারতীয় কোচের চাকরি নিয়ে নানা গুঞ্জন শুনে শংকিত হয়ে পড়েছেন ফুটবলাররা। নাঈমুদ্দিনকে হারাতে চান না তারা। বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে বাংলাদেশ দল তাজিকস্তানে গিয়ে ৫- ০ গোলে হেরে এলেও এ ব্যর্থতার বিন্দুমাত্র দায় কোচকে দিতে চান না ফুটবলাররা। ব্যর্থতার মূল কারণ জানাতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক হাসান আল মামুন বললেন, " তাজিকস্তান ফুটবল ফেডারেশনের অব্যবস্থা ও অসহযোগিতার শিকার হয়েছি আমরা। তারা (তাজিকস্তান দল) ঢাকায় ফাইভ স্টার হোটেলে থেকেছে আর ওখানে গিয়ে আমাদের থাকতে হয়েছে একটা 'চিৎ-কাইত' হোটেলে। সেখানে আমাদের মেঝেতে শুতে হয়েছে। হোটেলে গরম পানি নেই। খেতে হয়েছে দুর্গন্ধযুক্ত খাবার। তাই এই ম্যাচের ফল দিয়ে কোচের কিংবা আমাদের মান যাচাই করলে ভুল হবে।" খেলোয়াড়রা মনে করেন,সৈয়দ নাঈমুদ্দিনের মান যাচাই করতে গত ৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত তাজিকস্তানের বিপক্ষে ম্যাচে ফিরে যেতে হবে। ওই ম্যাচের পারফরম্যান্সের কথা উল্লেখ করে বাংলাদেশ দলের মিডফিল্ডার আরমান আজিজ বলেছেন, "আমি ৩ বছর ধরে জাতীয় দলে খেলছি, কিন্তু কোনো ম্যাচে আমরা পুরো ৯০ মিনিট লড়াই করতে পারিনি। এটা সম্ভব হয়েছে নাঈমুদ্দিনের কল্যাণে। আমার মনে হয় ওই ম্যাচেই তিনি কোচ হিসেবে যোগ্যতার প্রমাণ দিয়েছেন।" ওই ড্র ম্যাচে বাংলাদেশের লড়াকু পারফরম্যান্সের নেপথ্যে যে এই ভারতীয় কোচের কঠিন ট্রেনিং প্রোগ্রাম ভূমিকা রেখেছে তা মনে করার প্রত্যক্ষ কারণও আছে। স্ট্রাইকার সাইফুর রহমান মনির শরীরের স্থুলতা কেড়ে নিয়ে সারা মাঠ দৌড়ানোর সামর্থ্য দিয়েছে নাঈমুদ্দিনের ট্রেনিংয়ে নিজেদের পুরোটা উজাড় করে দেওয়ার ফর্মুলা। এতে দলে এসেছে লড়াকু মানসিকতা। ডিফেন্ডার রজনীও স্বীকার করেছেন এই ভারতীয় কোচ দলের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছেন। কোচের দর্শনটা শুনুন এই ফুটবলারের মুখে, "নাঈমুদ্দিন চান কঠোর ট্রেনিং এবং পুষ্টিকর খাবার। খেলোয়াড়দের কীসে ভাল হয় সবসময় সেই চিন্তাই করেন তিনি।" অথচ বাফুফে বলছে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কোচের দূরত্বের কথা। উদাহরণ হিসেবে দাঁড় করানো হচ্ছে নজরুলের ক্যাম্পে যোগ না দেওয়ার ঘটনাকে। এ ঘটনা দিয়ে সব সিনিয়র খেলোয়াড়ের মনোভাব অনুমান করে নিতে নিষেধ করছেন হাসান আল মামুন, "সেটা নজরুলের ব্যাক্তিগত ব্যাপার। দলের অন্য সিনিয়র ফুটবলার মনি, রজনী, বিপ্লবদের সঙ্গে কথা বলে দেখুন, কোচের ব্যাপারে সবাই ইতিবাচকই বলবে।" আসলেও তাই। সিনিয়র খেলোয়াড়রা সত্যিই কোচের প্রশংসায় পঞ্চমুখ। যে কোচ ম্যাচে খারাপ পারফরম্যান্সের পরও খেলোয়াড়দের দোষ-ত্র"টিকে মিডিয়ার সামনে না এনে দায়টা নিজের কাঁধে নিতেই ভালবাসেন, যিনি খেলোয়াড়দের ভালো খাবারের জন্য সোচ্চার হন, তার প্রশংসা না করে পারা যায়! বাফুফে ভবনেরই একটা কক্ষে থাকছেন নাঈমুদ্দিন। উচ্চাভিলাষী কোনো চাওয়া-পাওয়া নেই। মাত্র ১ লাখ টাকা বেতন নিয়ে বাংলাদেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন, "ফুটবলারদের দেখলে নিজের চাহিদার কথা ভুলে যাই। কোনো ধরনের অনুপ্রেরণা ছাড়া তারা দেশের জন্য যেভাবে লড়ে তাদের নিয়ে আমি সত্যিই গর্ববোধ করি। একটু পরিকল্পনা করে এগুলেই হবে।" নাঈমুদ্দিন যখন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন, বাফুফে তখন তাকে ছলে-বলে বিদায় করে দেওয়ার তালে। বাংলাদেশের ফুটবলারদের মতে এটা "ভীষণ ভুল সিদ্ধান্ত।" অধিনায়কের বললেন, "১ লাখ টাকায় কখনো এত ভালো কোচ পাওয়া যাবে না। বাফুফের মনে রাখা উচিত ক্রুসিয়ানিকে ৪ হাজার ডলার দিতে হতো।" অতীতকে পাশে রেখে পথ চললে ভুল করার আশঙ্কা কমই থাকে। এটা বাফুফে কর্তাদের বোঝা উচিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৬৪৮ ঘ.