২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটু দেরিতে বিজয়োল্লাসে যোগ দিলেন পেলে

ব্রাজিল যে ২০১৪ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার দিনে এক জনের অনুপস্থিতি চোখে পড়েছে সবার। ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আয়োজক হওয়া সুখবর পাওয়ার সময় ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবলারই নেই! পেলে নিজেও বোধহয় জুরিখের সেই অনুষ্ঠানে থাকতে না পেরে দুঃখ পেয়েছেন। তবে সেই দুঃখ ভুলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেতে উঠেছেন স্বদেশের আয়োজক হতে পারার বিজয়োল্লাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

কোলন, জার্মানি, ৩১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিল যে ২০১৪ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার দিনে এক জনের অনুপস্থিতি চোখে পড়েছে সবার। ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আয়োজক হওয়া সুখবর পাওয়ার সময় ব্রাজিলের সবচেয়ে বড় ফুটবলারই নেই! পেলে নিজেও বোধহয় জুরিখের সেই অনুষ্ঠানে থাকতে না পেরে দুঃখ পেয়েছেন। তবে সেই দুঃখ ভুলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেতে উঠেছেন স্বদেশের আয়োজক হতে পারার বিজয়োল্লাসে। একটি বাণিজ্য মেলায় অংশ নিতে পেলে এখন জার্মানির কোলনে। সেখানেই সাংবাদিকদের সামনে নিজের সুখানুভূতিটা জানালেন তিনি, "আপনার জানেন এটা একটা দুর্দান্ত ব্যাপার। দুর্দান্ত কারণ প্রত্যেকেই জানে ব্রাজিলে ফুটবল হল সংস্কৃতির মতো। ব্রাজিল শিরোপা জিততে পারলে এটা হবে (আমাদের জন্য) দারুণ গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্ট। এটা আমাদের জন্য অর্থাৎ ব্রাজিলের জন্য দারুণ গুরুত্বপূর্ণ।" উচ্ছ্বাসে ফেটে পড়লেও ৫৭ বছর আগের এক দুঃখময় দিনের কথা আজো ভুলতে পারেননি পেলে। ১৯৫০ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের শিরোপা না জেতা ফুটবলের চিরন্তন ট্র্যাজেডির ওপরের দিকেই থাকবে সম্ভবত। শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে (লিগ ভিত্তিতে হওয়ায় সেটা ফাইনাল ছিল না) উরুগুয়ের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত ব্রাজিলের। কিন্তু এগিয়ে গিয়েও ম্যাচটা জিততে পারেনি তারা, হেরে গিয়েছিল ১-২ গোলে। সেদিনের সেই দুঃসহ স্মৃতিকে ২০১৪ বিশ্বকাপের সাফল্য দিয়েই মুছে দিতে চান পেলে,"১৯৫০ সালে আমার ১০ বছর বয়স ছিল। উরুগুয়ের কাছে ব্রাজিল হেরে যাওয়ায় আমার বাবাকে আমি কাঁদতে দেখেছি। আশা করি আগামী বার আমরাই শিরোপা জিতবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.