২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার তাজিকস্তানের সামনে অসহায় বাংলাদেশ

হোম ম্যাচের বাংলাদেশকে পাওয়া গেলো না অ্যাওয়ে ম্যাচে। শুধু তাজিকস্তান নয়, বিরূপ প্রকৃতিও যখন প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো তখন অসহায়ের মতো আত্মসমর্পন করা ছাড়া আর কোনো উপায় ছিল না বাংলাদেশের সামনে। রোববার তাজিকস্তানের রাজধানী দুসাম্বেতে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ফিরতি ম্যাচে তারা ৫-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্বের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 04:50 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হোম ম্যাচের বাংলাদেশকে পাওয়া গেলো না অ্যাওয়ে ম্যাচে। শুধু তাজিকস্তান নয়, বিরূপ প্রকৃতিও যখন প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো তখন অসহায়ের মতো আত্মসমর্পন করা ছাড়া আর কোনো উপায় ছিল না বাংলাদেশের সামনে। রোববার তাজিকস্তানের রাজধানী দুসাম্বেতে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের ফিরতি ম্যাচে তারা ৫-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্বের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছে। বাংলাদেশ আসলে স্বপ্নটা দেখছিল হোম ম্যাচে ড্রয়ের সুবাদে। গত ৮ অক্টোবর ঢাকায় তাদের বিপক্ষে পুরো ম্যাচে অধিপত্য করেও বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছিল। প্রথমে গোল করেও বিতর্কিত একটি পেনাল্টি গোল হজম করায় স্বাগতিকদের ৩ পয়েন্ট পাওয়া হয়নি। সেই বাংলাদেশ অতিথি হয়ে দুসাম্বে গেলে তাদের স্বাগত জানায় বিরূপ প্রকৃতি। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "বাংলাদেশ দলের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তাপমাত্রা হঠাৎ করে ১২ ডিগ্রীতে নেমে যাওয়ায় প্রচন্ড ঠান্ডার মধ্যে স্বাভাবিক খেলা খেলতে পারেনি আমাদের ফুটবলাররা। শরীর খারাপ হয়ে যাওয়ায় মারুফ ও জাহিদ হোসেনকে নিয়মিত একাদশে রাখা যায়নি।" মানে তাজিকস্তানের প্রকৃতিও দাঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশের বিপক্ষে। আর তার তোড়ে হারিয়ে গেছে নাঈমুদ্দিনের বাংলাদেশের লড়াকু মানসিকতা। আর এই চিরচেনা পরিবেশে দুর্বার হয়ে ওঠে নতুন তাজিকস্তান। "নতুন" মানে ঢাকায় খেলে যাওয়া দলে ৮টি পরিবর্তন হয়েছে; যোগ হয়েছে নতুন ৮ ফুটবলার। অবশ্য হাকিমভের জায়গার কোনো হেরফের হয়নি। ঢাকার মাঠে পেনাল্টি থেকে গোল করা এই স্ট্রাইকার নিজেদের মাঠে হ্যাটট্রিক করে গোলবন্যায় ভাসিয়েছেন বাংলাদেশকে। ৪৭, ৫০ ও ৭৫ মিনিটে গোল তিনটি করেছেন তিনি। ম্যাচের প্রথমার্ধ কিন্তু গোলশূন্যই ছিল। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকে শুরু হয় স্বাগতিকদের গোল-উৎসব। অবশ্য হাকিমভ ছাড়া বাকি দুই গোলের (৪৬ ও ৭০ মি.) গোলদাতার নাম জানাতে পারেনি বাফুফে। এই পরাজয়ের মাধ্যমে শেষ হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বে খেলার স্বপ্ন। তার চেয়েও বড় ক্ষতিটা হচ্ছে, কোচ তাড়ানোর অস্ত্রটা হাতে পেয়ে গেছেন বাফুফে-কর্তারা। যা দিয়ে ফুটবলারদের স্বপ্নের দিশারী হয়ে ওঠা কোচ সৈয়দ নাঈমুদ্দিনকে বলি দেওয়ার সম্ভাবনা প্রবল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.